ব্রাজিলের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রাজ্য মিনাস গেরাইসে ব্যাংক ডাকাতির পরিকল্পনা নস্যাৎ করে দিয়েছে দেশটির পুলিশ। গোপন তথ্যের ভিত্তিতে পুলিশের আগাম অভিযানে নিহত হয়েছে সংঘবদ্ধ ব্যাংক ডাকাতি চক্রের ৩০ জন সদস্য।
স্থানীয় সময় রবিবার মিনাইস গেরাইসের ভারগিনহা শহরে এ ঘটনা ঘটে। তবে, নিহত ব্যক্তিদের মধ্যে নিরাপত্তা বাহিনীর কোনো সদস্য নেই বলে জানা গেছে।
ব্রাজিলের ফেডারেল হাইওয়ে পুলিশ জানায়, শহরটির বিভিন্ন ব্যাংকের স্থানীয় শাখা ও এটিএম বুথে ডাকাতি করতে পাশ্ববর্তী দুটি খামারে জড়ো হন বেশ কয়েকজন অপরাধী। এমন খবরে ওই খামারে আলাদা অভিযান চালায় পুলিশ।
এর মধ্যে একটি খামারে অভিযানে নিহত হন অপরাধী চক্রের ২৮ সদস্য। অন্য খামারে দুজন নিহত হন। তবে তাদের পরিচয় প্রকাশ করা হয়নি। নিহত ব্যক্তিদের মধ্যে নিরাপত্তা বাহিনীর কোনো সদস্য নেই।
অভিযানে ওই দুটি খামার থেকে রাইফেল, গ্রেনেডসহ অনেক অস্ত্র তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে জব্দ করা হয়েছে চুরি করে আনা যানবাহন।
পুলিশ বলছে, ব্যাংক ও এটিএম বুথে ডাকাতি করে পালিয়ে যাওয়ার সময় আগুন জ্বালিয়ে সড়ক অবরোধের পরিকল্পনা ছিল ডাকাতদের। এ জন্য বিভিন্ন জায়গা থেকে যানবাহন চুরি করেছিল।