ইরানের কৌশলগত বন্দরগুলোর ওপর মার্কিন নৌ-অবরোধ বজায় থাকলে তেহরান ‘প্রতিশোধমূলক’ ব্যবস্থা নেবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর অবস্থানের প্রেক্ষিতে এই নতুন উত্তেজনা সৃষ্টি হয়েছে। খবর আলজাজিরার।
সম্প্রতি ইরান হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক করার ইঙ্গিত দিলেও ট্রাম্প স্পষ্ট জানান, ইরানের বন্দরগুলোকে ঘিরে মার্কিন অবরোধ এখনই প্রত্যাহার করা হবে না।
ট্রাম্পের এই বক্তব্যের পর এক ‘এক্স’ (সাবেক টুইটার) বার্তায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, যুক্তরাষ্ট্র যদি অবরোধ বজায় রাখে, তবে ইরানও হাত গুটিয়ে বসে থাকবে না এবং যথাযথ পাল্টা ব্যবস্থা নেবে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির বক্তব্যের রেশ ধরে মুখপাত্র বাঘাই কয়েকটি গুরুত্বপূর্ণ শর্ত ও ব্যাখ্যা তুলে ধরেন।
পূর্বনির্ধারিত পথ: হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী সব জাহাজকে অবশ্যই ইরানের নির্দেশিত ও নির্ধারিত রুট অনুসরণ করতে হবে।
প্রতিশোধের হুমকি: বন্দরগুলোর ওপর অর্থনৈতিক ও সামরিক অবরোধ জারি থাকলে ইরান তার জাতীয় স্বার্থ রক্ষায় যে কোনো পাল্টা পদক্ষেপ নিতে বাধ্য হবে।
প্রণালির অভিভাবক: ইরান নিজেকে হরমুজ প্রণালির ‘অভিভাবক’ হিসেবে দাবি করে জানিয়েছে, আঞ্চলিক স্থিতিশীলতার স্বার্থে তারা নমনীয়তা দেখাতে প্রস্তুত, তবে তা একতরফা হবে না।
এসএস/এমএফ