বিষয় :

সংঘাতের উসকানি দিচ্ছে সরকার: মির্জা ফখরুল


১৭ ফেব্রুয়ারি, ২০১৮ ১২:৫৬ : পূর্বাহ্ণ

সকালেরসময় ডেস্ক:: বিএনপির আন্দোলনের সামর্থ্য নিয়ে প্রশ্ন তুলে ক্ষমতাসীনরা সংঘাতে উসকানি দিচ্ছে দাবি করে তাতে সাড়া না দিতে দলীয় নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জনগণ বিএনপির আন্দোলনে সাড়া দেয় নাই, দেবেও না: কাদের। সামর্থ্য নেই বলে বিএনপি শান্তিপূর্ণ: কাদের

খালেদা জিয়ার মুক্তির জন্য গণস্বাক্ষর সংগ্রহ অভিযোগ শনিবার উদ্বোধন করে তিনি বলেছেন, আমি সারাদেশের নেতা-কর্মীদের অনুরোধ জানাব, শান্তভাবে, ধৈর্য ধরে সব কিছু মোকাবেলা করতে হবে। কখনও ধৈর্যহারা হবেন না, কখনও বিশৃঙ্খলা করবেন না। দুর্নীতির মামলায় ৫ বছর কারাদণ্ডের সাজার আগে খালেদা জিয়া নেতা-কর্মীদের শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যেতে বলেছিলেন। গত ৮ ফেব্রুয়ারি তিনি বন্দি হওয়ার পর দলটি সেকথাই অনুসরণ করছে।

তার আগে খালেদার আদালতে হাজিরার সময় পুলিশের উপর বিএনপিকর্মীদের হামলার পর আওয়ামী লীগ নেতারা বলছিলেন, তারা আবার ২০১৪-১৫ সালের মতো নাশকতার আন্দোলনের আভাস পাচ্ছেন। কিন্তু দলীয় চেয়ারপারসনের মুক্তির দাবিতে হরতাল-অবরোধের মতো কর্মসূচি বিএনপি না দেওয়ার পর আওয়ামী লীগ নেতারা বলছেন, জোরালো কর্মসূচি দেওয়ার মতো সামর্থ্য বিএনপির নেই।

ফখরুল নেতা-কর্মীদের হুঁশিয়ার করে আরও বলেন, খালেদা জিয়াকে মুক্ত করতে যে শান্তিপূর্ণ আন্দোলন তারা চালিয়ে যাচ্ছেন, তা যেন ব্যাহত না হয়। সরকারের যে উসকানি, সরকারের যে নীলনকশা, তাকে ব্যর্থ করে দিয়ে জনগণের যে বিজয়, সেই বিজয়কে নিশ্চিত করতে হবে। নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সকাল ১১টায় খালেদা জিয়ার মুক্তি চেয়ে গণস্বাক্ষর ফরমে নিজে সই করে এই কর্মসূচির উদ্বোধন করেন ফখরুল।

ঢাকাসহ সারাদেশে এই কর্মসূচি শুরু হয়েছে একযোগে। উদ্বোধন অনুষ্ঠানে বিএনপি মহাসচিব যখন কার্যালয়ের নিচতলায় নেতা-কর্মীর সামনে বক্তব্য দিচ্ছিলেন তখন বাইরে শতাধিক পুলিশ মোতায়েন ছিল। সারাদেশে গণগ্রেপ্তারের অভিযোগ তুলে ফখরুল বলেন, দেশে এমন কোনো জায়গা নেই যেখানে আমাদের নেতা-নেত্রীরা গ্রেপ্তার হননি। আজকেও সাতক্ষীরার সভাপতিকে গ্রেপ্তার করা হয়েছে। প্রতিদিন পুলিশ রেইড করছে, গ্রেপ্তার করছে এবং মিথ্যা মামলা দিচ্ছে। যেখানে সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে বিএনপি তার কর্মসূচি পালন করছে, সেখানে মিথ্যা মামলা দিয়ে নাশকতার পরিকল্পনার নাম দিয়ে এটাকে (শান্তিপূর্ণ কর্মসূচি) তারা (সরকার) সম্পূর্ণ মিথ্যা প্রমাণিত করতে চায়।

খালেদা জিয়ার মুক্তির দাবিতে সবাইকে প্রতিবাদী হওয়ার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, জনগণকে বলতে চাই, আর বসে থাকার সময় নেই, সমস্ত চেতনাকে জাগ্রত করুন, সবাই উঠে আসুন, বেরিয়ে আসুন। প্রতিবাদে সোচ্চার হোন এবং রাজপথে প্রতিবাদ করুন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, দেশনেত্রীর মুক্তি এদেশের গণতন্ত্রের মুক্তি, এদেশের জনগণের মুক্তি।

আমাদের নেত্রীকে অন্যায়ভাবে জেলে প্রেরণের পরে আমরা নিয়মাতান্ত্রিক ও শান্তিপূর্ণ আন্দোলন করছি। এই গণস্বাক্ষর অভিযানে আমরা কোটি কোটি মানুষের স্বাক্ষর নিয়ে দেশে-বিদেশে প্রমাণ করতে চাই, দেশনেত্রী বেগম জিয়া এদেশের সবচাইতে জনপ্রিয় নেত্রী। দলের প্রচার সম্পাদক শহীদউদ্দিন চৌধুরী এ্যানির পরিচালনায় অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, মির্জা আব্বাস, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ‍রুহুল কবির রিজভী বক্তব্য রাখেন।

0Shares

আরো সংবাদ