২৯ কোটি টাকা আত্মসাত, চট্টগ্রাম জিপিওর ৩ কর্মচারী কারাগারে


২২ আগস্ট, ২০২২ ১১:৫২ : অপরাহ্ণ

চট্টগ্রাম জিপিওতে গ্রাহকের ২৯ কোটি টাকা আত্মসাতের মামলায় কারাগারে পাঠানো হয়েছে সংস্থাটির তিন কর্মচারীকে। সোমবার তারা আত্মসমর্পণ করে জামিন চাইলে শুনানি শেষে এ আদেশ দেন চট্টগ্রাম সিনিয়র স্পেশাল জজ ড. বেগম জেবুন্নেছা।

আসামিরা হলেন- পোস্টাল অপারেটর জয়নাল আবেদীন, কবির আহমেদ ও মো. হাসান। এ তথ্য নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী মনির হোসেন। গত ১৯ আগস্ট জাতীয় এক পত্রিকার শেষের পাতায় ‘গ্রাহকের ২৯ কোটি টাকা পাঁচ কর্মকর্তা-কর্মচারীর পেটে’ শিরোনামে সংবাদ প্রকাশ হয়। এরপরই এই আসামিরা আদালতে আত্মসমর্পণ করেন।

মামলার চার্জশিটে উল্লেখ করা হয়, ২০১৭ থেকে ২০২০ সাল পর্যন্ত গ্রাহকদের জমা রাখা অর্থ সঠিক হিসাবে সরকারের কোষাগারে জমা না দিয়ে ভুয়া হিসাবে জমা নিয়ে পরে তা তুলে আত্মসাৎ করেন আসামিরা। তাঁরা এই দুর্নীতি করতে ভুয়া নাম, ঠিকানা ও ছবি ব্যবহার করে হিসাব খুলে জমা দেখিয়ে সঠিক উত্তোলনের মাধ্যমে কোটি কোটি টাকা নিজেদের পকেটে পুরেছেন। দুদকের তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর এ তথ্য।

আসামিরা ৯টি সঞ্চয়ী ও একটি মেয়াদি হিসাবের বিপরীতে ভুয়া জমা ও সঠিক উত্তোলন দেখিয়ে সরকারি অর্থ আত্মসাৎ করেন। ২০২০ সালের ২৬ আগস্ট জিপিওর ঊর্ধ্বতন পোস্টমাস্টার ড. নিজাম উদ্দিন আকস্মিক সঞ্চয় শাখা পরিদর্শন করে রাইফা হোসেন, লাকী আক্তার ও সাকি আক্তার নামে তিন আমানতকারীর হিসাবের লেজারে জমা দেখানো হলেও ওই টাকা সরকারি খাতে জমা না করে ৪৫ লাখ টাকা উত্তোলন করে আত্মসাতের প্রমাণ পান।

তিন গ্রাহকের মধ্যে রায়ফার ১৬ লাখ, লাকীর ১৪ লাখ এবং সাকির ১৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ ওঠে। পরে পুলিশ সেখানে অভিযান চালায়। ওই বছরই তাঁদের নামে মামলা করে দুদক।

এসএস

0Shares

আরো সংবাদ