মিরসরাইয়ে মাইক্রোবাসকে ট্রেনের ধাক্কা–১১ আরোহী নিহত


২৯ জুলাই, ২০২২ ৩:৩৯ : অপরাহ্ণ

চট্টগ্রামের মিরসরাইয়ে লেভেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের ১১ আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় পাঁচজন আহত হয়েছেন। শুক্রবার দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মাইক্রোবাসে ১৩ যাত্রী ছিল। তারা খৈয়াছড়া ঝরনা দেখে ফেরার সময় ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী মহানগর প্রভাতীর ধাক্কায় মাইক্রোবাসের ১১ যাত্রী ঘটনাস্থলেই নিহত হন।

দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটিকে এক কিলোমিটার ঠেলে নিয়ে যায় ট্রেন। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। আহতদের হাসপাতালের ভর্তি করা হয়েছে।

পুলিশ ও কয়েকজন প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, খৈয়াছড়া ঝরনা নামের পর্যটন স্পট থেকে গোসল করে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। ট্রেনটি ধাক্কা দেওয়ার পর মাইক্রোবাসটিকে প্রায় এক কিলোমিটার ঠেলে নিয়ে যায়। হতাহত সবাই মাইক্রোবাসের যাত্রী।

রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনসার আলী জানান, মহানগর প্রভাতী ট্রেনটি বড়তাকিয়া ক্রস করার সময় লাইনে ওঠে যায় মাইক্রোবাস। এ সময় ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসটি কিছু দূর চলে যায়। লেভেলক্রসিংয়ের বাঁশ ঠেলে মাইক্রোবাস লাইনে উঠলে দুর্ঘটনাটি ঘটে।

ফায়ার সার্ভিসের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ আনিসুর রহমান বলেন, ‘ঘটনাস্থল থেকে ১১ জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। দুজনকে আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মাইক্রোবাসটি উদ্ধারের চেষ্টা চলছে। খৈয়াছড়া এলাকা থেকে মাইক্রোবাসটিকে বারতাকিয়া রেলওয়ে স্টেশন পর্যন্ত টেনে নিয়ে গেছে ট্রেনটি। সেখানে উদ্ধার কার্যক্রম চালাচ্ছে ফায়ার সার্ভিস।

বর্তমানে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

এসএস

0Shares

আরো সংবাদ