নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম নগরীর জামালখানে ওয়ার্ড কমিশনার কার্যালয়ে লাগা আগুনে চতুর্থ তলায় একটি টিনশেড ঘর এবং তৃতীয় তলার আংশিক আগুনে পুড়ে গেছে। ওয়ার্ড কমিশনার কার্যালয়ের বিপুলসংখ্যক ফাইল এ সময় পুড়ে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। রোববার (৬ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটেছে। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
নন্দনকানন এবং চন্দনপুরার দুটি ইউনিট থেকে ফায়ার সার্ভিসের তিনটি গাড়ি এসে রাত ১২টায় আগুন নিয়ন্ত্রণে আনে। যদিও আগুন লাগার প্রায় ৪৫ মিনিট পর ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছানোর কারণে আগুনে ওই স্টোরের সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে বলে অভিযোগ মার্কেটের ভাড়াটিয়াদের।
আগ্রাবাদ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উপ সহকারী পরিচালক ফরিদ আহমদ বলেন, চেরাগী পাহাড় চসিকের ২১ নম্বর জামালখান কাউন্সিলর অফিসে আগুনের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের তিনটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডে কোন হতাহত হয়নি। আগুন লাগার কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ তদন্ত করে দেখা হচ্ছে।
জামালখান ওয়ার্ডে পরিচ্ছন্ন তত্ত্বাবধায়ক রিপন কিশোর রায় জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। যেখান থেকে আগুন লেগেছে সেখানে মশক নিধন কার্যক্রমের ফগার মেশিন এবং মেশিনের তেল ছিল। আগুন লাগার পর আমি এবং নয়ন নামের একজন আগুন নেভানোর চেষ্টা করি।
এক পর্যায়ে আমার প্যান্টেও আগুন ধরে যায়। আমি দ্রুত নিচে নেমে আসি। তবে নয়ন নামতে পারেনি। পরে সে পেছনের দিকে রশি বেয়ে নেমেছে।
এসএস