ফয়েজ লেকে দুই সাংবাদিককে আনসার সদস্যর মারধর, তীব্র নিন্দা!


৩ জানুয়ারি, ২০২০ ৬:৩৬ : অপরাহ্ণ

একের পর এক হামলার শিকার হচ্ছেন সাংবাদিকরা। এবার চট্টগ্রাম ফয়েজ লেকে দুই টিভি সাংবাদিককে মারধর করেছে আনসার সদস্যরা। শুক্রবার (৩ জানুয়ারি) এই হামলার শিকার হন তারা। এরা হলেন, যমুনা টেলিভিশনের রিপোর্টার আসহাবুর রহমান শোয়েব ও ক্যামেরা পারসন সঞ্জয় মল্লিক।

জানা যায়, পেশাগত দায়িত্ব পালন করতে চট্টগ্রাম নগরের ফয়েস লেকে যান তারা। এসময় ফয়েস লেকের ভেতরে নিজস্ব গাড়ি নিয়ে প্রবেশ করতে গেলে একজন আনসার গতিরোধ করেন। পরে কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে গাড়ি নিয়ে লেকের ভেতরে প্রবেশ করলে ক্ষিপ্ত হন দায়িত্বরত আনসার দলের আরেক মারমুখী সদস্য। কোনো রকমের সমস্যা না পেয়ে আকস্মিকভাবে দুই সাংবাদিকের সাথে খারপ আচরণ করতে থাকে তারা। এক পর্যায়ে দায়িত্বরত আরেক আনসার সদস্য এসে দুই সাংবাদিকের উপর অতর্কিত হামলা চালায়।

হামলার বিষয়টি শোয়েব ও সঞ্জয় সাংবাদিকদের অবহিত করলে মুহুর্তের মধ্যে ফয়েস লেকে জড়িত হন সাংবাদিকরা। ভিড় জমাতে থাকেন চট্টগ্রামের সাংবাদিক নেতারা। অপরাধী আনসার সদস্যদের বিচারের দাবিতে শুরু হয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিন্দার ঝড়। অভিযুক্ত আনসার সদস্যরা হলেন, মোহাম্মদ আনোয়ার, মোহাম্মদ রেদোয়ান ও মোহাম্মদ বেলায়েত হোসেন।

এ বিষয়ে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস এক বিবৃতিতে আনসার সদস্যদের হামলা, অশালীন আচরণের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে দোষী আনসারদের ক্লোজ করে শাস্তির আওতায় আনার দাবি জানান। একই সাথে এ ঘটনাকে ন্যক্কারজনক আখ্যা দিয়ে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বিএফইউজের সহ-সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী।

0Shares

আরো সংবাদ