ড্রেনে পড়ে নিখোঁজের তিনদিন পর মির্জাখালে মিলল পথশিশুর মরদেহ


৯ ডিসেম্বর, ২০২১ ২:১০ : অপরাহ্ণ
মির্জাখালে,পথশিশু, মরদেহ

নিজস্ব প্রতিনিধি : বন্ধু রাকিবের সাথে ডেনে নেমে খেলনা কুড়াতে গিয়ে নিখোঁজ হওয়ার তিনদিন পর পথশিশু মো. কামালের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

আজ বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সকাল ১১টা ৫৫ মিনিটে চট্টগ্রাম নগরীর ষোলশহর এলাকার মির্জা খাল থেকে কামালের মরদেহটি উদ্ধার করা হয়।

পথশিশু কামালের মরদেহ উদ্ধারের তথ্যটি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মোহাম্মদ রবিউল।

তিনি জানান, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে স্থানীয়দের কাছ থেকে খালে মরদেহ ভাসছে সংবাদ পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিসের টিম। ১১ টা ৫৫ মিনিটে পুলিশের সহায়তায় মির্জা খাল থেকে লাশটি উদ্ধার করা হয়।

চট্টগ্রাম নগর পুলিশের সহকারী কমিশনার শহীদুল ইসলাম জানান, গত সোমবার বিকেলে খেলনা কুড়াতে চশমা খালে নেমে তলিয়ে যাওয়া ১১ বছর বয়সী পথ শিশু কামালের মরদেহ মিলেছে মুরাদপুরের মির্জা খালে।

লাশটি ফুলে শারিরিক গঠন ও চেহারা বিকৃতি হওয়ায় প্রথমে শনাক্ত করা যায়নি। পরে কামালের বাবা আলী কাওসার আর কামালের বন্ধু রাকিবকে ঘটনাস্থলে ডেকে আনলে তারা কামালের পোষাক দেখে লাশ শনাক্ত করে।

এর আগে গত সোমবার বিকেল ৪টার দিকে বন্ধু রাকিবকে নিয়ে চশমা খালে খেলনা কুড়াতে নামে পথমিশু কামাল। এক পর্যায়ে পানির স্রোতে দুজনই তলিয়ে যায়। নালা থেকে রাকিব উঠে আসতে সক্ষম হলেও নিখোঁজ ছিলেন কামাল।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল মঙ্গলবার সেখানে তল্লাশি শুরু করেছিল। রাত ১০টা পর্যন্ত খুঁজেও কাউকে পাওয়া যায়নি। এরপর গতকাল বুধবার সারাদিন রাত খুঁজেও তাকে পাওয়া যায়নি। তিন দিন পর আজ তার লাশ মিলেছে মুরাদপুরের মির্জা খালে।

এস এস/

0Shares

আরো সংবাদ