জমি নিয়ে বিরোধ: সন্ধ্যায় হামলা, সকালে মৃত্যু


১০ সেপ্টেম্বর, ২০১৯ ৪:২৭ : অপরাহ্ণ

চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জে জায়গা-জমি নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে আফজাল হোসেন (২৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই যুবকের মৃত্যু হয়।

এর আগে গতকাল সোমবার রাত ৭ টার দিকে জোরারগঞ্জ থানার হিঙ্গুলী ইউনিয়নের পাহাড়ী এলাকায় তাকে কুপিয়ে জখম করা হয়। নিহত আফজাল হোসেন জোরারগঞ্জ থানার হিঙ্গুলী ইউনিয়নের ইসলামপুর গ্রামের বাসিন্দা।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজ উদ্দিন ভূঁইয়া বলেন, হিঙ্গুলী ইউনিয়নের ইসলামপুরে জায়গা-জমি নিয়ে আফজালের সঙ্গে এলাকার মন্টু মিয়া প্রকাশ চেয়ারম্যানের বিরোধ চলে আসছিল। এ নিয়ে এলাকায় একাধিক সালিশ-বৈঠকও হয়। গতকাল সেই বিরোধ মীমাংসার জন্য পূর্ব নির্ধারিত আরও একটি সালিশ ছিল। সালিশে উভয় পক্ষের মধ্যে মীমাংসাও হয়। কিন্তু মন্টু মিয়ার লোকজন আগে থেকেই প্রতিপক্ষ আফজালকে হত্যার পরিকল্পনা করেছিল।

তিনি বলেন, বিকেলে সালিশ শেষে সন্ধ্যার দিকে আফজাল স্থানীয় পাহাড়ি এলাকার একটি টংয়ে বিশ্রাম নিচ্ছিলেন। এ সময় মন্টু মিয়ার লোকজন তাকে এলোপাথারি কুপিয়ে মারাত্মক জখম করে ফেলে রেখে চলে যায়। পরে খবর পেয়ে পরিবারের লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। মঙ্গলবার সকালে চমেক হাসপাতালে চিকিৎসাধীন আফজালের মৃত্যু হয়।

জোরারগঞ্জ থানার পরিদর্শক মো. সিরাজুল ইসলাম জানান, সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এদিকে হত্যাকাণ্ডের ঘটনায় দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন- হিঙ্গুলী ইউনিয়নের ইসলামপুরের বাসিন্দা মো নুর হোসেন (৫০) ও শেখ ফরিদ (৪০)।

0Shares

আরো সংবাদ