নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রামে আগের দিনের তুলনায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দ্বিগুন হয়েছে। বেড়েছে নমুনা পরীক্ষা ও শনাক্তের সংখ্যা। তবে কিছুটা কমেছে সংক্রমণ হার।
গত ২৪ ঘন্টায় জেলায় নতুন করে এক হাজার ১শ ৬৭ জনের শরীরে ভাইরাসটির অস্তিত্ব পাওয়া গেছে। আগের দিন এ সংখ্যা ছিল ১১২১ জন।
নতুন আক্রান্তদের সিংহভাগই নগরের বাসিন্দা। নতুন শনাক্তদের মধ্যে ৮৮৭ জন নগরীর এবং ২৮০ জন উপজেলা পর্যায়ের বাসিন্দা।
চট্টগ্রামে এ পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন এক লক্ষ ১৭ হাজার ২শ ০৩ জন। মোট শনাক্তদের মধ্যে নগরীর ৮৫ হাজার ৫শ ২৪ জন আর জেলার বিভিন্ন উপজেলার ৩১ হাজার ৬শ ৭৯ জনের করোনা শনাক্ত হয়।
এসব তথ্য দিয়েছেন জেলা সিভিল সার্জন কার্যালয়। বলা হয়, চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় চট্টগ্রাম নগরে একজন এবং উপজেলা পর্যায়ে নতুন করে আরো ৩ জনসহ মোট চারজন মারা যাওয়ার তথ্য পাওয়া গেছে।
জেলায় মোট মৃতের সংখ্যা এক হাজার ৩শ ৫৪ জন। এর মধ্যে ৭শ ৩০ জন চট্টগ্রাম নগরের। আর বিভিন্ন উপজেলায় মারা গেছেন ৬শ ২৪ জন।
শুক্রবার (২৮ জানুয়ারি) চট্টগ্রাম জেলার করোনা সম্পর্কিত এ তথ্য নিশ্চিত করেন জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী।
বলেন, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ১৪টি ল্যাবে তিন হাজার ৬শ ৫০ জনের নমুনা পরীক্ষায় ১১৬৭ জনের শরীরে করোনার অস্তিত্ব শনাক্ত হয়। বিগত ২৪ ঘন্টায় সংক্রমণ হার ৩১ দশমিক ৯৭ শতাংশে দাঁড়াল। আগের দিন ছিল ৩৫ দশমিক ৬৭ শতাংশ।
এস এস/