মিয়ানমারে সামরিক সরকার ও বিভিন্ন বিদ্রোহী সংগঠনের মধ্যে সংঘাত তীব্র হচ্ছে। চলমান এ সংঘর্ষের মধ্যেই ৩৭ শহরে মার্শাল ল জারি করেছে জান্তা সরকার। দেশটিতে জরুরি অবস্থার মেয়াদ আরও ৬ মাস বাড়ানোর একদিন পর আসে এ ঘোষণা। মিয়ানমারের সংবাদমাধ্যম ইরাবতীর এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
ইরাবতীর প্রতিবেদনে বলা হয়েছে, মিয়ানমারে নতুন করে জরুরি অবস্থার মেয়াদ আরও ৬ মাস বৃদ্ধির ঘোষণা দেয়ার মাত্র একদিন পরই ৩৭টি শহরে মার্শাল ল জারির ঘোষণা দেওয়া হয়। জান্তা বাহিনী ২০২১ সালের ১ ফেব্রুয়ারি মিয়ানমারে শাসনক্ষমতা দখল করে। এর পর থেকে বিভিন্ন মেয়াদে দেশটিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে।
জান্তা সরকারের জারি করা এক বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, ওই ৩৭টি শহর এখন থেকে সরাসরি স্থানীয় কামান্ডারের আদাশে পরিচালিত হবে। ৩৭টি শহরের মধ্যে সাগাইনের ১১টি, মগওয়ে এবং অঞ্চলের ৫টি করে মোট ১০টি শহর। এর বাইরে রয়েছে তানিনথারির ২টি শহর। চিন রাজ্যের ৭টি শহর, কায়াহ রাজ্যের ৪টি, কারেনের ২টি এবং মন রাজ্যের একটি শহর রয়েছে মার্শাল ল জারি করা শহরগুলোর মধ্যে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এখন থেকে জান্তাবাহিনী স্থাপিত আদালত এসব এলাকার যেকোনো গুরুত্বপূর্ণ মামলার বিচার কাজ চালাতে পারবে। জান্তাবাহিনী সতর্ক করে বলেছে, প্রয়োজনে আদালত মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবনের মতো দণ্ড দিতেও দ্বিধা করবে না। এমনকি এসব মামলার ক্ষেত্রে কোনো আপিলের সুযোগ থাকবে না।
উল্লেখ্য, ২০২১ সালের ১ ফেব্রুয়ারি তারিখে সামরিক অভ্যুত্থানে অং সান সু চি’র সরকারকে উৎখাত করে মিয়ানমারের সেনাবাহিনী। এরপর তারা মান্দালে এবং ইয়াঙ্গুন অঞ্চলে সামরিক আইন জারি করে। এর আগে ২০২০ সালের নভেম্বরে সু চি’র ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি দল দেশটির জাতীয় নির্বাচনে জয়ী হয়।
এসএস