আন্তর্জাতিক ডেস্ক : ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুতে দেশটির প্রতিরক্ষাপ্রধান ও সাবেক সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াতসহ ১৪ সামরিক কর্মকর্তাকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে ১৩ জন নিহত হয়েছেন।
এদের মধ্যে চিফ অব ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত ও তার স্ত্রী মধুলিকাও রয়েছেন। চিফ অব ডিফেন্স স্টাফ জীবিত নাকি মৃত সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।
এ ঘটনায় মাত্র একজন জীবিত আছেন; যার শরীরের ৯০ শতাংশ পুড়ে গেছে এবং তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
বুধবার (৮ ডিসেম্বর) স্থানীয় সময় বিকেলে ভারতীয় গণমাধ্যমে বলা হয়, বিধস্ত হেলিকপ্টার থেকে ১৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে নিহতদের পরিচয় এখনও জানাননি ভারতীয় কর্মকর্তারা।
দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, ভারতীয় বিমান বাহিনীর এমআই-১৭ ফাইভ মডেলের এই হেলিকপ্টারটি তালিমানাড়ুর সুলুর এলাকায় অবস্থিত সামরিক ঘাঁটি থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই নীলগিরিতে বিধ্বস্ত হয়।
রাশিয়ার তৈরি এই হেলিকপ্টার বিধ্বস্তের খবর ১২টা ২০ মিনিটের দিকে জেলা প্রশাসনকে জানান স্থানীয়রা। সেখানে পৌঁছে দেশটির আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা উদ্ধার অভিযান পরিচালনা করেন।
সামরিক এই হেলিকপ্টার দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে বলে দেশটির বিমান বাহিনীর এক টুইট বার্তায় জানানো হয়েছে।
এই দুর্ঘটনার খবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংকে জানানো হয়েছে। বৃহস্পতিবার আরও পরের দিকে দেশটির সংসদে কপ্টার দুর্ঘটনার ব্যাপারে রাজনাথ কথা বলবেন বলে ধারণা করা হচ্ছে।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, হেলিকপ্টারটিতে ১৪ জন আরোহী ছিলেন। এদের মধ্যে ১৩ জনই মারা গেছেন। শুধু এক জন পুরুষ আরোহী জীবিত আছেন। তিনি গুরুতর দগ্ধ হয়েছেন। তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে তিনি বিপিন রাওয়াত কিনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
নিহতদের লাশ তামিলনাড়ুর ওয়েলিংটন সামরিক ঘাঁটিতে নিয়ে যাওয়া হয়েছে। স্বাস্থ্য বিভাগের বিভিন্ন সূত্রের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, আহত ব্যক্তির অবস্থাও আশঙ্কাজনক।
সংবাদমাধ্যম পিটিআই নিজস্ব সূত্রের উদ্ধৃতি দিয়ে জানায়, ঘন কুয়াশার কারণে ভালোভাবে সামনে দেখতে পাচ্ছিলেন না পাইলট। ধারণা করা হচ্ছে, এই কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়ে থাকতে পারে।
এদিকে দুর্ঘটনার খবর পেয়ে তামিলনাড়ুর সুলুর বিমানঘাঁটির উদ্দেশে রওনা দিয়েছেন ভারতীয় বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল ভিআর চৌধুরি।
উদ্ধার তৎপরতায় নজরদারি করছেন ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি এরই মধ্যে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন।
এস এস/