ভারত যুদ্ধে জড়ালে পাকিস্তান ও লড়াই করবে: ইমরান


৭ আগস্ট, ২০১৯ ১:৪০ : অপরাহ্ণ

ভারত যুদ্ধ ঘোষণা করলে পাকিস্তানও পাল্টা ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান। মঙ্গলবার কাশ্মির ইস্যুতে ডাকা পার্লামেন্টের সর্বদলীয় বৈঠকে এমন মন্তব্য করেন তিনি। সোমবার ভারতের বিজেপি সরকার দেশটির জম্মু-কাশ্মির রাজ্যকে দেওয়া বিশেষ মর্যাদা বাতিল করে দ্বিখণ্ডিত করার পর মঙ্গলবার পাকিস্তানের জাতীয় সংসদের এই জরুরি অধিবেশন অনুষ্ঠিত হলো।

অধিবেশনে ক্ষমতাসীন পাকিস্তান তেহরিকে ইনসাফ বা পিটিআই দলের সদস্যদের পাশাপাশি নওয়াজ শরীফের মুসলিম লীগ ও বিলওয়াল ভুট্টোর পাকিস্তান পিপলস পার্টিসহ অন্য দলগুলো অংশ নেবে।

প্রধানমন্ত্রী ইমরান খান অধিবেশনে অংশ নিয়ে বলেন, তার সরকার প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্কের উন্নয়ন ঘটাতে চেয়েছিল এবং এ জন্য ভারতকে শান্তি আলোচনার প্রস্তাব দিয়েছিল। কিন্তু তারা আলোচনার প্রস্তাবকে দুর্বলতা হিসেবে নিয়েছে।

পাক প্রধানমন্ত্রী বলেন, তিনি আশঙ্কা করছেন পুলওয়ামার মতো ঘটনার পুনরাবৃত্তি ঘটবে এবং পাকিস্তানকে দোষারোপ করবে দিল্লি। এর পর তারা পাকিস্তানের বিরুদ্ধে হামলা চালাবে এবং পাকিস্তান তার জবাব দেবে। ভারত যুদ্ধ ঘোষণা করলে পাকিস্তানও একই ব্যবস্থা নেবে এবং শেষ রক্তবিন্দু পর্যন্ত পাকিস্তান লড়াই করবে।

তবে এভাবে সমস্যার সমাধান হবে না বলে মন্তব্য করেন ইমরান খান। কাশ্মির ইস্যুকে গুরুত্বসহকারে নেয়ার জন্য ইমরান খান আন্তর্জাতিক সম্প্রদয়ের প্রতি আহ্বান জানান। সাবেক এ ক্রিকেটার বলেন, ভারতীয় সেনাদের নির্যাতন ও কাশ্মিরি জনগণের দুর্ভোগের কথা তিনি পশ্চিমা বিশ্বকে অবহিত করবেন।

দেশটির গণমাধ্যমে বলা হয়েছে, মঙ্গলবারের যৌথ অধিবেশনে মুসলিম লীগ নেতা শাহবাজ শরীফসহ অনেকেই কাশ্মির ইস্যুতে সরকারকে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার আহ্বান জানান। এমন সিদ্ধান্ত নিলে বিরোধীদলগুলো সরকারকে সমর্থন দেবে বলে শাহবাজ শরীফ উল্লেখ করেন।

0Shares

আরো সংবাদ