চীন-কিরগিজস্তান সীমান্তে শক্তিশালী ভূমিকম্পে হতাহত ৫২


২৩ জানুয়ারি, ২০২৪ ১০:২৩ : অপরাহ্ণ

চীনের জিনজিয়াং এবং কিরগিজস্তান সীমান্তে ৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৪৯ জন। চীনা সংবাদমাধ্যম সিনহুয়ার বরাত দিয়ে এমনটি জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। একই ভূমিকম্প কাজাখস্তান থেকেও অনুভূত হয়েছে। সেখানে ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৭।

এতে বলা হয়, স্থানীয় সময় মঙ্গলবার রাত ২টার দিকে আঘাত হানা ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল চীনের উত্তরপশ্চিমের জিনজিয়াং অঞ্চলের পাহাড়ি সীমান্ত এলাকা উশি কাউন্টিতে, মাটির ১৩ কিলোমিটার গভীরে। স্থানীয় কর্তৃপক্ষ ভূমিকম্পের কেন্দ্রস্থলে একটি দল পাঠিয়েছে। চীনের অংশে ভূমিকম্পে পাঁচজন আহত হয়েছে।

চীনা রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভির প্রতিবেদনে বলা হয়, ভূমিকম্পের পর ১২ হাজার ৪২৬ জনকে সরিয়ে নেওয়া হয়েছে। ওই ভূমিকম্পের পর মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৮টা পর্যন্ত আরো ৪০টি পরাঘাত অনুভূত হয়েছে। এদিকে কাজাখস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ভূমিকম্পে আহত ৪৪ জন রাজধানী আলমাতিতে চিকিৎসা নিয়েছেন।

চীনের সামাজিক যোগাযোগ মাধ্যম উইবোতে স্থানীয় ব্যবহারকারীরা জানান, উরমছি, কোরলা, কাশগার, ইনিং এবং তার আশেপাশের এলাকাগুলোতে ভূমিকম্পে তীব্র ঝাঁকুনি অনুভূত হয়েছে।

কিরগিজস্তানের জরুরী পরিস্থিতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রধান বহোবেক আজিকিভ জানিয়েছেন, তারা হতাহতের কোনো খবর পায়নি। গত সোমবার চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ভূমিধসে ৩১ জন নিহত হন। এর একদিন পরই এ ভূমিকম্পের ঘটনা ঘটল।

এসএস

0Shares

আরো সংবাদ