মামলায় গ্রেফতার হয়ে আদালতে আসামিদের জামিন করানোর কথা বলে টাকা আদায়ের অভিযোগ উঠেছে চট্টগ্রাম আদালতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) নারী হাজতখানার ইনচার্জ সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মনি বেগমের বিরুদ্ধে।
সোমবার (৪ নভেম্বর) চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এক আসামির দায়ের করা অভিযোগ সূত্রে এ তথ্য জানা যায়। চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ওসমান গণির কাছে এ অভিযোগ করেন সুন্দরী হিজরা নামে এক আসামি।
অভিযোগে উল্লেখ করা হয়, আসামি সুন্দরী হিজরা ১ম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে বিচারাধীন একটি মামলায় গ্রেফতার হয়ে কারাগারে ছিলেন। মামলায় আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করেও জামিন পাননি।
পরে মামলার ধার্য তারিখে আদালতে হাজিরা দিতে আসলে সুন্দরী হিজরাকে অভিজ্ঞ আইনজীবীর মাধ্যমে তিন মাসের মধ্যে জামিন করাতে পারবেন বলে তার পরিবারের সঙ্গে ৮০ হাজার টাকায় চুক্তি করেন। সুন্দরী হিজরার পরিবারের কাছ থেকে বিকাশের মাধ্যমে দুই দফায় মোট ২০ হাজার টাকা নেন।
তিন মাস অতিবাহিত হলেও টাকা নিয়ে সুন্দরী হিজরাকে জামিন না করাতে না পারায় টাকা ফেরত চাইলে আরও কয়েকটি মামলা ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেন এএসআই মনি বেগম। মামলার হাজিরা তারিখে আদালতের হাজতখানায় তাকে পানি পর্যন্ত পান করতে দেননি। পরে সুন্দরী হিজরা তার আইনজীবীর মাধ্যমে আগস্টে মামলায় জামিন পান।
সুন্দরী হিজরার আইনজীবী রিমন দাশ বলেন, মেট্রো আদালতের মহিলা হাজতখানার ইনচার্জ মনি বেগমের বিরুদ্ধে সিএমএম বরাবর অভিযোগ করেছেন সুন্দরী হিজরা। অভিযোগটি তদন্ত করে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সালেম মোহাম্মদ নোমানকে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন সিএমএম।
অভিযোগ সত্য নয় দাবি করে মেট্রো মহিলা হাজতখানার ইনচার্জ এএসআই মনি বেগম বলেন, সুন্দরী হিজরাকে তিনি চেনেন না। তার সঙ্গে জামিন করানো নিয়ে কারো কোনো চুক্তি হয়নি।
এ বিষয়ে জানতে আদালতে সিএমপির প্রসিকিউশন শাখার সহকারী কমিশনার কাজী শাহাবুদ্দীন আহমেদকে কল করা হলেও তিনি সাড়া দেননি।
আদালতের হাজতখানার বিভিন্ন অনিয়ম নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। পরে পুরুষ হাজতখানার এসআই শাহজাহান ও কনস্টেবল হান্নানকে ক্লোজড করা হয়। এ ঘটনায় সিএমএম আদালত ও সিএমপি পৃথক তদন্ত কমিটিও করে।
সংবাদ প্রকাশের পর থেকে পুরুষ হাজতখানায় টাকার বিনিময়ে আসামিদের অনৈতিক সুবিধা দেওয়া বন্ধ থাকলেও সম্প্রতি মহিলা হাজতখানায় ফের তা শুরু হয়েছে বলে জানিয়েছেন আদালত সংশ্লিষ্ট কয়েকজন।
সূত্র: বাংলা নিউজ