সারাদেশ ডেস্ক : বান্দরবানের লামায় সন্ত্রাসীর গুলিতে জেএসএসের সক্রিয় একজন কর্মী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। সোমবার (৩ জানুয়ারি) রাত একটার সময় রূপসীপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড অংহ্লাপাড়ায় তাকে গুলি করে হত্যা করা হয়।
নিহতের নাম মংক্যচিং মার্মা (৩৬)। তিনি রাঙ্গামাটি জেলার রাজস্থলীর বাঙ্গালখালী এলাকার বাসিন্দা এবং ওই উপজেলার বাঙ্গালখালী এলাকার জেএসএসের সক্রিয় কর্মী ছিলেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মংক্যচিং মার্মা সোমবার সন্ধ্যায় বেড়াতে আসেন। মধ্যরাতে স্বশস্ত্র পাহাড়ি সন্ত্রাসীরা বাড়ি ঘিরে ঘরের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে তিন রাউন্ড গুলি ও দা দিয়ে কুপিয়ে তার মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়।
পাহাড়ি সংগঠনগুলোর মধ্যে দ্বন্দ্বের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করছে স্থানীয়রা। হত্যাকান্ডের খবর পেয়ে ঘটনাস্থলে টিম পাঠানো হয়েছে বললেন লামা থানার ওসি শহীদুল ইসলাম চৌধুরী। তিনি বলেন, বিস্তারিত পরে জানানো যাবে।
এস এস/