বান্দরবানে সোয়ালোক ইউনিয়নের আমতলী এলাকায় সেনাবাহিনীর ভারি অস্ত্রের ফায়ারিং রেঞ্জে পরিত্যক্ত শেল (বোমা) বিস্ফোরণে এক সেনা সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৯ জন। শুক্রবার ১৭ মে সকাল সাড়ে ১০টায় বিস্ফোরণের এ ঘটনা ঘটে। সেনাবাহিনীর বান্দরবান অঞ্চলের কমান্ডার এবং উর্ধতন সেনা কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

তবে তারা সাংবাদিকদের কোনো তথ্য জানাননি। বিভিন্ন সুত্রে পাওয়া তথ্য অনুযায়ী নিহত সৈনিকের নাম জাহিদুল ইসলাম (১৯) বলে জানা গেছে। আহতদের মধ্যে ৭জনের নাম পাওয়া গেছে। এরা হচ্ছেন- নিপুন চাকমা, তারেকুল, হাসান, আসাদ, মোস্তাফিজ আরিফুল হক ও রাজু।

বান্দরবানের পুলিশ সুপার জাকির হোসেন মজুমদার পরিত্যক্ত শেল বিস্ফোরণে ১০ সেনাসদস্য হতাহতের ঘটনা নিশ্চিত করেছেন। বান্দরবান শহর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে সুয়ালক-টংকাবতী-হাঙ্গর এলাকায় অবস্থিত সামরিক আর্টিলরি ট্রেনিং সেন্টারে দেশের বিভিন্ন বাহিনীর সৈনিকরা ভারি অস্ত্রের প্রশিক্ষণ গ্রহণ করেন।

সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, এ বিষয়ে আন্তঃবাহিনী গণ সংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে বিস্তারিত জানানো হবে। তবে সংশ্লিষ্ট একটি নির্ভরযোগ্য সুত্র জানায়, শুক্রবার সকালে কুমিল্লা সেনা নিবাসের ১৬ প্যারা ব্যাটেলিয়নের সৈনিকরা আর্টিলারি সেন্টারে আসেন। শনিবার ১৮ মে থেকে তাদের প্রশিক্ষণ শুরুর কথা। উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশে প্রশিক্ষণ এলাকায় জঙ্গল পরিস্কার করার সময় পরিত্যক্ত অবস্থায় জঙ্গলে পড়ে থাকা তাজা শেলটি বিস্ফোরিত হয়।

বিস্ফোরণের পরপরই আহতদেরকে চট্টগ্রামের সাতকানিয়া বাইতুল ইজ্জত বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাদের চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হয়। ধারণা করা হচ্ছে, এর আগে কোনো এক প্রশিক্ষণ চলাকালে নিক্ষিপ্ত এই শেলটি বিস্ফোরিত না হয়ে পরিত্যক্ত অবস্থায় জঙ্গলে পড়ে থাকতে পারে।