ট্রাকের পেছনে কারের ধাক্কায় নিহত ইউপি সদস্যসহ ৩ জন


৩১ জানুয়ারি, ২০২২ ৮:৩৪ : পূর্বাহ্ণ
ট্রাকের,কারের ধাক্কা,ইউপি সদস্য

সারাদেশ ডেস্ক : রাজবাড়ীতে ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কায় ইউপি সদস্যসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন।

গতকাল রবিবার (৩০ জানুয়ারি) রাত সোয়া ৮টার সময় রাজবাড়ী জেলা সদরের বসন্তপুর ইউনিয়নের রেলগেট এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন, ফরিদপুর সদর উপজেলার মাচ্চর ইউনিয়নের শিবরামপুর গ্রামের মৃত আকবর আলী শেখের ছেলে মো. আমিনুল ইসলাম আলিম (৫০), একই ইউনিয়নের খলিলপুর গ্রামের জলিল মৌলবীর ছেলে মাসুদ মৌলবী (৫৫) ও একই গ্রামের মৃত ছোরাপউদ্দিন সরদারের ছেলে হিটু সরদার (৪০)।

নিহত আলিম মাচ্চর ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য এবং হিটু খলিলপুর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি।

আহতরা হয়েছেন ইউনুচ মৌলবী ও শামিম ব্যাপারী। তারা বর্তমানে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।

সড়ক দুর্ঘটনায় হতাহতের তথ্যটি নিশ্চিত করেছেন খানখানাপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপ পরিদর্শক (এস আই) মো. শরিফুল ইসলাম।

তিনি জানান, রবিবার রাত সোয়া আটটার সময় রাজবাড়ী থেকে ফরিদপুর যাচ্ছিলো একটি প্রাইভেটকার। রাজবাড়ীর বসন্তপুর রেলগেট এলাকায় পৌছালে প্রাইভেটকারটির সাথে বিপরীত মুখ থেকে আসা একটি ট্রাকের সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই প্রাইভেটকারের চালক মাসুদ মৌলবী ও খলিলপুর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি কামরুজ্জামান হিটু মারা যান। এসময় আহত তিনজনকে উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজে প্রেরণ করা হয়।

সেখানে ফরিদপুর জেলার মাচ্চর ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আলিমুজ্জামান আলীমকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহত আরো দুজন বর্তমানে চিকিৎসাধীন রয়েছে।

এস এস/

0Shares

আরো সংবাদ