সারাদেশ ডেস্ক : খাগড়াছড়ির রামগড় উপজেলার ২ নম্বর পাতাছড়া ইউনিয়নের মধুপুর গ্রাম থেকে গলা কাটা অবস্থায় মা ও মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে স্বামী মোহাম্মদ সোলেমান (২৯) পলাতক।
খবর পেয়ে সোমবার (৩ জানুয়ারি) রাতে লাশ দুটি উদ্ধার করেছে রামগড় থানা-পুলিশ। পুলিশের ধারণা বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে স্ত্রী ও শিশুসন্তানকে গলা কেটে হত্যার পর স্বামী পালিয়ে গেছে। নিহতরা হলেন স্ত্রী পিংকি আক্তার (২৫) ও তার চার মাসের শিশুকন্যা।
জানা গেছে, এ দম্পতির দুটি কন্যাসন্তান রয়েছে। স্বামী মোহাম্মদ সোলেমান (২৯) পেশায় একজন রাজমিস্ত্রি। তিনি পাতাছড়া ইউনিয়নের মধুপুর এলাকার মোহাম্মদ জাহের মিয়ার ছেলে। নিহত পিংকি আক্তারও ওই এলাকার আব্দুল খালেক দুলালের মেয়ে।
পিংকির ভাই ইমরান হোসেন সুজন বলেন, শুক্রবার কোনো এক সময়ে আমার বোন ও তার শিশুকন্যাকে হত্যা করে ঘর তালাবদ্ধ করে পালিয়ে যায় সোলেমান।
এদিকে কয়েকদিন বোনের খবর না পেয়ে তাদের বাড়িতে যাই। তখন ঘর থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয়দের খবর দেই। পরে তালা ভেঙে ঘরে প্রবেশ করলে বোন এবং ভাগ্নির গলাকাটা লাশ কম্বলে পেঁচানো অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখি।
রামগড় থানার ওসি মোহাম্মদ শামসুজ্জামন বলেন, পারিবারিক কলহের কারণে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। গৃহবধূ পিংকির বাবা বাদী হয়ে রামগড় থানায় মামলা করেছেন।
তিনি বলেন, লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।
এস এস/