অপরাধী যেই হোক, কাউকে ছাড় দেয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী


৭ মে, ২০২১ ৮:৫৯ : অপরাহ্ণ

আইন তার নিজস্ব গতিতে চলবে, এখানে কাউকে ছাড় দেয়া হবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মুন্সীগঞ্জের সিরাজদিখানের মধুপুরে গত ২৮ মার্চ হেফাজতের হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্তদের বাড়িঘর পরিদর্শনে এসে শুক্রবার (৭মে) এ মন্তব্য করেন তিনি।

আসাদুজ্জামান খান কামাল বলেন, যে যেখানেই জড়িত রয়েছেন, আপনাদের আইনে সোপর্দ করবই। এ নৃশংসতায় মামলা যেগুলো করেছেন কিংবা করেন নাই, তদন্ত করে সবাইকে আইনের আওতায় নিয়ে আসবো। নিষ্ঠুরতা, নৃশংসতা আর বর্বরতা হতে দেবো না।

তিনি বলেন, এ ধরনের নিষ্ঠুরতা, অত্যাচার ও নৃশংসতা যারা করে এটা কোনো ধর্মের উদ্দেশ্য নয়; অরাজকতা সৃষ্টির মাধ্যমে রাজনৈতিক ফায়দা লুটাই ছিলো তাদের মূল উদ্দেশ্য।

এসময় উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান, অতিরিক্তি ডিআইজি নূরে আলম মিনা, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এ কে এম হুমায়ুন কবির, মুন্সিগঞ্জ জেলা পুলিশ সুপার আব্দুল মোমেন, সিরাজদিখান উপজেলা চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ প্রমুখ।

প্রসঙ্গত, গত ২৮ মার্চ হেফাজতে ইসলামের ডাকা হরতালকে কেন্দ্র করে মুন্সিগঞ্জের সিরাজদিখানের রাজনগর ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি এসএম আলমগীর কবিরের বাড়িসহ ওই ইউনিয়নের ১০টি বাড়িঘর ভাঙচুর এবং অগ্নিসংযোগ করেন হেফাজতের কর্মীরা। এর পরিপ্রেক্ষিতে ক্ষতিগ্রস্তদের ঘরবাড়ি পরিদর্শনে আসেন স্বরাষ্ট্রমন্ত্রী।

এসএস

0Shares

আরো সংবাদ