সকালেরসময় ডেস্ক :: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পদার্থ বিজ্ঞান বিভাগের আয়োজনে দ্বিতীয়বারের মত দুদিনব্যাপী ‘ফিজিক্স ফর সাসটেইন্যাবল ডেভেলপমেন্ট এন্ড টেকনোলজি’ ২০১৭ (আইসিএসডিটি) শীর্ষক আন্তর্জাতিক কনফারেন্স রোববার (১০ ডিসেম্বর) শুরু হচ্ছে। এ উপলক্ষে শুক্রবার বিকেলে নগরীর মোটেল সৈকতের মিলনায়তনে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে কনফারেন্স সেক্রেটারি ও পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল হোসেন জানিয়েছেন, কনফারেন্সে বাংলাদেশ ছাড়াও সুইডেন, ভারত, জাপান, সৌদি আরবসহ পৃথিবীর প্রায় ১১ টি দেশ হতে পদার্থ বিজ্ঞান বিষয়ের অন্তত দেড় শতাধিক শিক্ষক, গবেষক, বিজ্ঞানী, প্রফেশনাল এবং উদ্যোক্তাগণের মিলনমেলা বসবে। কনফারেন্সে পদার্থ বিজ্ঞানের বিষয়ের পাশাপাশি প্রযুক্তি সর্ম্পকিত তথা বর্তমান বিশ্বের আলোচিত ইস্যু ‘টেকসই উন্নয়ন ও প্রযুক্তি’ বিষয়ে গুরুত্বপূর্ণ প্রবন্ধসমূহ উপস্থাপিত হবে। কনফারেন্স ১০ ও ১১ ডিসেম্বর পর্যন্ত চলছে।
কনফারেন্সের সার্বিক প্রস্তুতির বিষয়ে অবহিত করেন পদার্থবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ও কনফারেন্স চেয়ার অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন কনফারেন্সের টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান ও পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোঃ আব্দুর রশীদ, সহযোগী অধ্যাপক ড. মো. মহি উদ্দিন,সহকারী অধ্যাপক জনাব এইচ এম এ আর মারুফ, মোসাম্মাৎ আরজুমানআরা বেগম, মো. আশরাফ আলী, ড. অনিমেশ কুমার চক্রবর্তী, সৈয়দা করিমুন্নেছা, প্রভাষক সাইফুল কবির, চুয়েটের সহকারী রেজিস্ট্রার (সমন্বয়) মোহাম্মদ ফজলুর রহমান ও জনসংযোগ কর্মকর্তা জনাব মুহাম্মদ রাশেদুল ইসলাম প্রমুখ।
আন্তর্জাতিক কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান। বিশেষ অতিথি থাকবেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। সভাপতিত্ব করবেন কনফারেন্স চেয়ারম্যান ও পদার্থবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী। এছাড়া কনফারেন্সের সমাপনী দিনে প্রধান অতিথি থাকবেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম।
কনফারেন্সে কী-নোট স্পীকার হিসেবে প্রথমদিন মূল প্রবন্ধ উপস্থাপক হিসেবে থাকবেন সুইডেনের উপশালা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পার নরদব্লাদ, জাপানের ইয়ামানাশি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সাতোশি ওয়াতাউছি।
আমন্ত্রিত বক্তা হিসেবে থাকবেন একই বিশ্ববিদ্যালয়ের গবেষক ড. মাসানোরি নাগাও।
কনফারেন্সের দ্বিতীয়দিনে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন কলকাতার ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ টেকনোলজি’র ইমিরেটাস প্রফেসর অধ্যাপক ড. মৃণাল কে. ঘোষ, সৌদি আরবের কিং আবদুল্লাহ ইনস্টিটিউট অব ন্যানোটেকনোলজি এর গবেষক ড. খালিদ মুজাসাম বাট্টু।
আমন্ত্রিত বক্তা হিসেবে উপস্থিত থাকবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের অধ্যাপক ড. সালেহ হাসান নাকিব, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম।