চট্টগ্রাম আদালতে ডিবির সোর্স পরিচয়দানকারী নারী আটক


২ জানুয়ারি, ২০১৮ ২:২৯ : অপরাহ্ণ

সকালেরসময় ডেস্ক :: চট্টগ্রাম আদালত থেকে নগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সোর্স পরিচয়দানকারী ফরিদা ইয়াসমিন সুমি (৩৫) নামের এক নারীকে আটক করেছেন পুলিশ। মঙ্গলবার দুপুরে আদালতের হাজতখানার সামনে থেকে আইনজীবীরা তাকে পুলিশের হাতে তুলে দেন।

জানা যায়, আদালতে হাজিরা দিতে আনা এক আসামিকে ভাত খাওয়ানোর কথা বলে তার স্বজনদের কাছ থেকে ৩০০ টাকা নেন সুমি। এভাবে আরো কয়েকজনের কাছ থেকে টাকাপয়সা হাতিয়ে নেওয়ার সময় কয়েকজন আইনজীবী তাকে ধরে ফেলেন। এছাড়া সুমির বিরুদ্ধে আদালত পাড়ায় বিভিন্ন দোকান-হোটেলে গিয়ে ডিবির সোর্স পরিচয় দিয়ে চাঁদাবাজিরও অভিযোগ আছে।

এ বিষয়ে কোতোয়ালী থানার ডিউটি অফিসার এএসআই খালেদা নাসরিন বলেন, ডিবির সোর্স হিসেবে ভিজিটিং কার্ড বানিয়েছে সুমি, যেটা সম্পূর্ণ অন্যায়। এই কার্ড ব্যবহার করে আদালতে সাধারণ বিচারপ্রার্থীদের বিভ্রান্ত করে টাকাপয়সা হাতিয়ে নিত সুমি।

এ প্রসঙ্গে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আবু হানিফ বলেন, আদালত থেকে প্রতারকদের উচ্ছেদে আমাদের অভিযান চলমান আছে। আটক নারীর বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

এদিকে নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (পশ্চিম) এ এ এম হুমায়ুন কবির বলেন, ডিবির নাম ভাঙ্গিয়ে মিথ্যা পরিচয় দিয়ে অন্যায় কাজে জড়িতদের কোন ছাড় দেওয়া হবে না। এসব কর্মকান্ডে যারা জড়িত তাদের বিরুদ্ধে শীঘ্রই অভিযান চালানো হবে।

0Shares

আরো সংবাদ