জামিন পেলেন বিএনপি নেতা আসলাম চৌধুরী


৩০ মে, ২০২১ ৮:৩৯ : অপরাহ্ণ

রাজধানীর কোতয়ালী ও শাহবাগ থানায় দায়ের করা নাশকতার দুই মামলায় বিএনপি নেতা মোহাম্মদ আসলাম চৌধুরীকে জামিন দিয়েছেন হাইকোর্ট। এর ফলে তার কারামুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

রবিবার (৩০ মে) বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মহি উদ্দিন শামীমের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আজ আসলাম চৌধুরীর পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও অ্যাডভোকেট হাসিবুর রহমান হাসিব। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার ড. মো. বশির উল্লাহ।

আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ও তার আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

উল্লেখ্য, ২০১৬ সালের ১৫ মে ঢাকার খিলক্ষেত এলাকা থেকে গ্রেফতার হন বিএনপির যুগ্ম মহাসচিব ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির তৎকালীন আহ্বায়ক আসলাম চৌধুরী।

ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্টের সঙ্গে হাত মিলিয়ে ‘বাংলাদেশের সরকার উৎখাত ষড়যন্ত্রের’ অভিযোগে তাকে গ্রেফতার করা হয়।

এরপর রাষ্ট্রদ্রোহের দুই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। পরে নাশকতা, চেক প্রতারণাসহ বিভিন্ন মামলায় আসামি হন আসলাম। অন্যান্য মামলায় তিনি আগেই জামিন পেয়েছেন বলে জানান তার আইনজীবী হাসিবুর রহমান।

এসএস

0Shares

আরো সংবাদ