বিষয় :

চট্টগ্রামে ছুরিকাঘাতে কলেজছাত্রী গুরুতর জখম


১৯ নভেম্বর, ২০১৭ ৩:২১ : অপরাহ্ণ

মোহাম্মদ ফোরকান, চট্টগ্রাম :: নগরীর চান্দগাঁও থানার কে বি আমান আলী সড়ক এলাকায় ছুরিকাঘাতে জান্নাতুল মাওয়া নীলা (২৩) নামের এক কলেজছাত্রীকে গুরুতর জখম করেছেন দুর্বৃত্তরা। রোববার দুপুরে এ ঘটনা ঘটে। নীলা চট্টগ্রাম সরকারি মহিলা কলেজের দর্শন বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী।

এ বিষয়ে চান্দগাঁও থানার ওসি মো. আবুল বশর বলেন, কেবি আমান আলী সড়কের একটি ভবনের কাছ থেকে আহত অবস্থায় ওই কলেজছাত্রীকে উদ্ধার করে স্থানীয়রা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। তিনি বলেন, যে ভবনের কাছ থেকে মেয়েটিকে উদ্ধার করা হয় তার পাঁচ তলার ছাদের সিঁড়িতে রক্ত দেখা গেছে এবং মেয়েটির ব্যাগ ও কাগজ কাটার ছুরি পাওয়া গেছে। আহত ছাত্রীর বোনের সাথে কথা বলে আমরা জেনেছি উদ্ধার করা ছুরি তার বোন ব্যাগেই রাখতেন। ধারনা করছি ওই ছুরি দিয়েই তাকে আঘাত করা হয়েছে।

তিনি বলেন, ওই কলেজ ছাত্রী তার আরও দুই বান্ধবীসহ নাসিরাবাদ এলাকায় থাকেন। কিছুদিন আগে কেবি আমান আলী রোডে তার বড় বোনের বাসায় গিয়ে উঠেছিলেন। আমরা জানতে পেরেছি, সে সকালে বোনের বাসা থেকে বের হয়ে ওই ভবনে বাসা দেখতে গিয়েছিল। তবে বাড়ির মালিক বলছে কেউ বাসা খুঁজতে যায়নি। বিষয়টি আমাদের কাছে রহস্যজনক মনে হচ্ছে।

এ বিষয়ে চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জহিরুল ইসলাম চৌধুরী বলেন, নগরীর একটি কলেজে পড়–য়া এক ছাত্রীকে গুরুতর আহত অবস্থায় দুপুরের দিকে হাসপাতালে আনা হয়। তার পেটে বুকে ও চোখের পাশে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।

0Shares

আরো সংবাদ