নামসর্বস্ব প্রতিষ্ঠানের নামে ঋণ নিয়ে ১ হাজার ১০২ কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগে এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলমসহ মোট ৪৩ জনের বিরুদ্ধে দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
গতকাল সোমবার দুদকের জনসংযোগ দপ্তরের সহকারী পরিচালক তানজির আহমেদ সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।
দুদক কর্মকর্তা তানজির আহমেদ বলেন, নামসর্বস্ব ভুয়া প্রতিষ্ঠানের নামে ঋণের ৫৪৯ কোটি টাকা আত্মসাতের ঘটনায় এস আলমসহ ৩৭ জনের বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে।
তিনি আরও বলেন, এ ছাড়া অন্য মামলায় একইভাবে ৫৫৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ৩১ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। দুদকের এ কর্মকর্তা জানান, আসামিরা নামসর্বস্ব প্রতিষ্ঠানের নামে জালিয়াতির মাধ্যমে ভুয়া কাগজপত্র তৈরি করে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে বিনিয়োগ প্রস্তাব (ঋণ প্রস্তাব) শাখা থেকে জোনাল অফিস এবং পরে প্রধান কার্যালয়ে পাঠানো ও ঋণ অনুমোদন করে।
একই প্রক্রিয়ায় মাত্রাতিরিক্ত ঋণ প্রদান এবং ঋণের নামে নেওয়া অর্থ পরবর্তী সময়ে এস আলম গ্রুপের চেয়ারম্যান এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলমের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানে দুর্নীতি সংক্রান্ত সম্পৃক্ত অপরাধের মাধ্যমে স্থানান্তর রূপান্তর হস্তান্তর করা হয়।
এসএস/এমএফ