বিষয় :

ফজরের নামাজ পড়েই ঝাড়ু নিয়ে রাস্তা পরিষ্কার করলেন বিরোধীদলীয় নেতা


১৮ ফেব্রুয়ারি, ২০২৬ ১২:১৫ : অপরাহ্ণ

জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা হিসেবে শপথ নেওয়ার পরদিনই নিজের নির্বাচনী এলাকা মিরপুরে রাস্তা পরিচ্ছন্নতা কার্যক্রমে নেমেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বুধবার ভোরে ফজরের নামাজ শেষে স্থানীয় একটি মসজিদ থেকে বের হয়ে তিনি গ্লাভস ও মাস্ক পরে ঝাড়ু হাতে কর্মসূচি শুরু করেন। এ সময় তার সঙ্গে দলীয় নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শফিকুর রহমান বলেন, আমি বলেছিলাম রাস্তা পরিষ্কারের মধ্য দিয়ে আমার কাজ শুরু করব। আমি আমার কথা রাখছি।

তিনি জোর দিয়ে বলেন, এটি কোনো একদিনের লোকদেখানো কর্মসূচি নয়। দলের প্রতিটি ইউনিট প্রতিদিন ফজরের নামাজের পর অন্তত আধা ঘণ্টা পরিচ্ছন্নতা কার্যক্রম চালাবে। সম্ভব হলে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বানও জানান তিনি।

মিরপুরকে পরিচ্ছন্ন ও নিরাপদ এলাকা হিসেবে গড়ে তুলতে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদেরও সহযোগিতা কামনা করেন জামায়াত আমির। তিনি বলেন, আজ আমি জিতেছি, আগামীতে অন্য কেউ জিততে পারেন—এটাই গণতন্ত্রের সৌন্দর্য। উন্নয়ন দলীয় পরিচয় বা ধর্মীয় ভেদাভেদের ঊর্ধ্বে হওয়া উচিত।

ডা. শফিকুর রহমান আরও জানান, তিনি ঢাকায় অবস্থান করলে প্রতিদিন এলাকায় এসে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেবেন। আর ঢাকার বাইরে থাকলেও সংশ্লিষ্ট এলাকায় সহকর্মীদের নিয়ে একই উদ্যোগ চালিয়ে যাবেন।

স্থানীয় বাসিন্দাদের একটি অংশ তার এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখলেও রাজনৈতিক মহলে বিষয়টি নিয়ে আলোচনা তৈরি হয়েছে।

এসএস/এমএফ

0Shares

আরো সংবাদ