গত ২৪ ঘণ্টায় ফেনীতে ভারী বৃষ্টিপাত ও ত্রিপুরা রাজ্য থেকে ধেয়ে আসা পাহাড়ি ঢলের পানিতে মুহুরী, কহুয়া এবং সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ২০টি স্থানে ভেঙে পরশুরাম ও ফুলগাজীর কমপক্ষে ৩০টি গ্রাম প্লাবিত হয়েছে।
এ ছাড়া ফুলগাজীর মুন্সির হাট ও আনন্দপুর ইউনিয়নের ছাগলনাইয়া ও ফেনী সদর উপজেলার বাঁধের ৬টি স্থানে ভেঙে কমপক্ষে ২০ গ্রাম প্লাবিত হয়েছে। বৃষ্টির কারণে ফেনী-পরশুরাম আঞ্চলিক মহাসড়কের যোগাযোগ এখনো বিচ্ছিন্ন রয়েছে। তলিয়ে গেছে ফেনী ছাগলনাইয়া সড়ক।
এদিকে মুহুরী নদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে শুরু করেছে। কোমর পানিতে তলিয়ে থাকা ফেনী শহরের পানি কমছে দ্রুত গতিতে। শহরের প্রধান প্রধান সড়কের পানি নেমে গেলেও বিভিন্ন পাড়া মহল্লার অলিগলি এখনো পানিতে তলিয়ে আছে।
এরই মধ্যে অনেক মানুষ গত বছরের ভয়াবহ বন্যার আতঙ্কে বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয় নিতে শুরু করেছেন। অনেকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আশ্রয় নিয়েছেন। ফেনীর অসংখ্য স্বেচ্ছাসেবী ও রাজনৈতিক নেতাকর্মীরা উদ্ধার তৎপরতা এবং খাদ্য সহায়তায় নেমে পড়েছেন।
ফেনীর জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ, ফায়ার সার্ভিস বানভাসিদের উদ্ধার তৎপরতা, খাদ্য সহায়তা, আশ্রয় ও আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করছে।
বিভিন্ন গ্রামীণ সড়ক পানিতে তলিয়ে গিয়ে বন্ধ রয়েছে যান চলাচল। বন্যার্ত এলাকায় বিদ্যুৎ সংযোগ ও নেটওয়ার্ক না থাকায় বিপাকে পড়েছে মানুষজন।
ফেনী পানি উন্নয়ন বোর্ডের দেওয়া তথ্য মতে, পরশুরামের ১২টি ও ফুলগাজী উপজেলার ৮টিসহ বন্যা নিয়ন্ত্রণ বাঁধের মোট ২০টি স্থান ভেঙে গেছে। তার মধ্যে মুহুরী নদীর ১০টি, কহুয়া নদীর ৬টি ও সিলোনিয়া নদীর ৪টি অংশে ভাঙনে অন্তত ৩৫টি গ্রাম প্লাবিত হয়েছে।
এসএস/এমএফ