সকালেরসময় ডেস্ক:: চট্টগ্রামের কৃতি সন্তান বাংলাদেশের অন্যতম ব্যবসায়ী প্রতিষ্ঠান টিকে গ্রুপের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এম এ তৈয়ব আর নেই (ইন্না লিল্লাহে… রাজেউন)। তিনি চট্টগ্রাম চেম্বারের পরিচালক হাসনাত মোহাম্মদ আবু ওবায়দার পিতা।
শনিবার (১০ ফেব্রুয়ারি) সকালে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। স্ত্রী, তিন ছেলে, ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।
তাঁর প্রথম নামাজে জানাজা শনিবার বাদ আছর ঢাকার ডিওএইচএস মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। একইদিন রাত ১০টায় চট্টগ্রামের জমিয়াতুল ফালাহ মসজিদ মাঠে মরহুমের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।
রোববার সকাল সাড়ে ৯টায় পটিয়া উপজেলার মনসায় শেষ জানাজার পর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
দেশের স্বনামধন্য এই ব্যবসায়ীর মৃত্যুতে চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম, চট্টগ্রাম মেট্রো পলিটন চেম্বারের সভাপতি খলিলুর রহমান, এফবিসিসিআই’র সাবেক পরিচালক মো.আমিরুল হক গভীর শোক প্রকাশ করেছেন। তারা শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। এছাড়া অঙ্গ প্রতিষ্ঠান ম্যাফ সুজ লিমিটেড’র কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকরাও শোক জানিয়েছেন।