বিষয় :

একদিনের ব্যবধানে ফের ট্রেনে আগুন


২০ ডিসেম্বর, ২০২৩ ১১:৩৯ : অপরাহ্ণ

রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকায় ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনে আগুন লাগার ঘটনা ঘটেছে। রেলওয়ে পুলিশের ধারণা, এটি কোনও নাশকতা নয়। বুধবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আগুন নিভিয়ে ফেলা হয়। আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার (এসপি) আনোয়ার হোসেন।

তিনি বলেন, ইঞ্জিনের সাইলেন্সার পাইপের ওপরে চটের বস্তা রাখা ছিল। এ কারণে সাইলেন্সার পাইপের ধোঁয়া বের হতে পারছিল না। পরে হঠাৎ ওই চটের বস্তায় আগুন দেখা যায়। বিষয়টি টের পেয়ে ক্যান্টনমেন্ট স্টেশনে ট্রেনটি দাঁড় করিয়ে আগুন নেভানো হয়। পরে ট্রেনটি আবার গন্তব্যে ছেড়ে যায়।

রেলওয়ে পুলিশের এই কর্মকর্তা বলেন, এটা আমাদের কাছে নাশকতা মনে হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ইঞ্জিনের সাইলেন্সার পাইপ থেকে নির্গত ধোঁয়া চটের বস্তায় বাধাগ্রস্ত হয়ে আগুন লেগেছে।

এর আগে মঙ্গলবার (১৯ ডিসেম্বর) ভোরে রাজধানীর তেজগাঁও স্টেশনে নেত্রকোনা থেকে ছেড়ে আসা ‘মোহনগঞ্জ এক্সপ্রেস’ ট্রেনের তিনটি বগিতে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে এক নারী ও তার শিশুসন্তানসহ ওই ট্রেনের চার যাত্রী দগ্ধ হয়ে মারা যান বলে জানায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতর। পরে তিনটি ইউনিট গিয়ে সকাল ৬টা ৪৫ মিনিটে আগুন নেভায়।

এসএস

0Shares

আরো সংবাদ