সরকার আগামী ১৮০ দিনের মধ্যে দেশব্যাপী খাল খনন কার্যক্রম শুরু করবে বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
পানিসম্পদমন্ত্রী বলেন, ‘প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় খাল কাটা কর্মসূচি একটি বিপ্লবে পরিণত হয়েছিল। দীর্ঘদিন খাল খনন না হওয়ায় দেশে জলাবদ্ধতা বেড়েছে, অনেক জলাশয় নাব্যতা হারিয়েছে এবং কৃষিক্ষেত্রে সেচব্যবস্থা ব্যাহত হয়েছে। ফলে সাধারণ মানুষ নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন।
তিনি জানান, নির্বাচনি ইশতেহারে খাল খননের বিষয়টি অগ্রাধিকার দেওয়া হয়েছিল। প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের আগ থেকেই এ কর্মসূচির ওপর গুরুত্বারোপ করে আসছেন।
মন্ত্রী আরও বলেন, পানিসম্পদ মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয় ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়- এই চারটি মন্ত্রণালয় যৌথভাবে কর্মপরিকল্পনা প্রণয়ন করবে। আগামী সপ্তাহে আবার বৈঠকে বসে কর্মসূচির সময়সূচি ও বাস্তবায়ন কাঠামো চূড়ান্ত করা হবে।
শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, ‘আমরা চাই এই কর্মসূচি শুধু আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না থেকে একটি কার্যকর উদ্যোগে পরিণত হোক। ১৮০ দিনের মধ্যেই কাজ শুরু হবে এবং দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত করা হবে।
এসএস/এমএফ