সিআরবি রক্ষার আন্দোলনে যুক্ত হলেন চট্টগ্রামের সর্বস্তরের প্রকৌশলীরাও। শনিবার বেলা ১২টার দিকে সিআরবি রক্ষায় আন্দোলনরত নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময় সভায় চলমান আন্দোলনে একাত্মতা ঘোষণা করেন প্রকৌশলীরা।
ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, চট্টগ্রাম মিলনায়তনে ইনস্টিটিশনের সভাপতি প্রবীর কুমার সেনের সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন নাগরিক সমাজের চেয়ারম্যান বিশিষ্ট সমাজবিজ্ঞানী ড. অনুপম সেন।
মতবিনিময় সভায় ড. অনুপম সেন বলেন, পাহাড়, নদী ও সাগর- এই তিন নিয়ে অসাধারণ সুন্দর একটি শহর হচ্ছে চট্টগ্রাম। সিআরবির অসাধারণ সুন্দর প্রাকৃতিক পরিবেশ এই শহরকে আরও সুন্দর করে তুলেছে। এক সময় চট্টগ্রাম শহরে আরও অনেক উন্মুক্ত পরিসর ছিল। এগুলো একে একে হারিয়ে গেছে।
এখন একমাত্র অবশিষ্ট রয়েছে সিআরবি। এটাও যদি রক্ষা করা না যায় তাহলেতো আর কিছুই অবশিষ্ট থাকবে না। তাই যেকোনো মূল্যে সিআরবিকে রক্ষা করতে হবে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা পরিবেশবান্ধব। বিষয়টি তিনি জানলে সিআরবিতে কোনো স্থাপনা হতে দেবেন না।
সভাপতির বক্তব্যে প্রকৌশলী প্রবীর সেনও সিআরবি রক্ষার ওপর জোর দেন এবং চলমান আন্দোলনে ইঞ্জিনিয়ারদের পক্ষে একাত্মতা ঘোষণা করেন। প্রত্যেক কর্মসূচিতে অংশ নিতে আগ্রহ প্রকাশ করে নাগরিক সমাজের কমিটিতেও প্রকৌশলীদের অন্তর্ভুক্ত করার কথা বলেন তিনি।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিশিষ্ট প্রকৌশলী, নাগরিক সমাজের নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতা, আইনজীবী, সাংবাদিক, আবৃত্তি শিল্পীসহ প্রমুখ।
এসএস