সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা ১৯৭৯-এর ২৫ ধারায় বলা আছে, কোনো সরকারি কর্মচারী কোনো রাজনৈতিক দলের বা রাজনৈতিক দলের কোনো অঙ্গসংগঠনের সদস্য হতে বা কোনোভাবে যুক্ত হতে পারবেন না অথবা কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ বা কোনো প্রকার সহযোগিতা করতে পারবেন না।
অথচ চট্টগ্রাম সদর সাব-রেজিস্টার কার্যালয়ের অফিস সহকারী এরাদুল হক নিজামী ভুট্টো নিয়মিত রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করছেন, বিভিন্ন সভা-সমাবেশে বক্তব্য ও নেতৃত্ব দিচ্ছেন। এমনকি মঙ্গলবার (২৫ জুলাই) অনুষ্ঠিত চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন তিনি।
সরকারি চাকরীজীবিদের অনেকের মতে, এরাদুল হক নিজামী ভুট্টো প্রতিনিয়ত সক্রিয়ভাবে রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করে কেবল সরকারি চাকরি বিধিমালা লঙ্ঘনই করেননি বরং সাব-রেজিস্টার কার্যালয়ের সুনাম ক্ষুন্ন করেছেন। তার কর্মকাণ্ডের কারণে প্রশ্নবিদ্ধ হচ্ছেন অন্য সরকারি কর্মচারীরাও।
অন্যদিকে দলের নেতারা বলেন, উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগে নেতার এতো আকাল পড়েনি যে একজন সরকারি কর্মচারীকে ধরে এনে সভাপতি বানাতে হবে। এর আগে এরাদুল হক নিজামী ভুট্টোকে আহ্বায়ক করে চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের ৩১ সদস্য বিশিষ্ট সম্মেলন প্রস্তুতি কমিটি ঘোষণা করা হয়েছিল।
তৃণমূলের নেতাকর্মীদের প্রশ্ন, দলে অনেক সাবেক ছাত্রনেতা ও যুব সংগঠক আছেন। তাদের বাদ দিয়ে একজন সরকারি কর্মচারীকে দায়িত্ব দেওয়া হলো কেন? নেতার কি এতোই সংকট পড়েছে?
চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের একাধিক নেতা ক্ষোভ প্রকাশ করে বলেন, ভুট্টো সরকারি চাকরি করেও মিরসরাই উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের পদ বাগিয়ে নিয়েছেন। এর আগে তিনি দীর্ঘ দিন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ছিলেন। প্রস্তুতি কমিটি ঘোষণার পর থেকেই জেলায় ভুট্টোকে নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। গতকাল অনুষ্ঠিত সম্মেলনে তিনি সভাপতি নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন নাছির উদ্দীন রিয়াজ।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। সম্মেলন উদ্বোধন করেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু।
সম্মেলনে বক্তব্য দেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এমএ সালাম, সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ আতাউর রহমান, সংরক্ষিত আসনের সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনি ও চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম প্রমুখ।
সরকারি বিধিমালা লঙ্ঘন করে ভুট্টোর রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম সদর সাব-রেজিস্টার মো. মনিরুজ্জামান বলেন, তিনি রাজনৈতিক কর্মকাণ্ড করছেন বলে আমরাও জেনেছি। এর আগে তিনি মিরসরাইয়ে বদলি হয়েছিলেন। ৩ মাস আগে পুনরায় সদর সাব-রেজিস্টার কার্যালয়ে যোগ দিয়েছেন। সরকারি চাকরি বিধিমালা লঙ্ঘন করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। তিনি আরও বলেন, রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের কারণে সরকারি দায়িত্বে অবহেলার বা গাফিলতির সুযোগ দেয়া হবে না।
এ বিষয়ে জানতে চাইলে সরকারি কর্মচারী ও চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের নতুন সভাপতি এরাদুল হক নিজামী ভুট্টোর মুঠোফোনে কল দেয়া হলে তিনি কল রিসিভ করেনি।
এসএস/ফোরকান