মিরসরাইয়ের সাবেক ইউপি সদস্যকে ছুরিকাঘাতে হত্যা চেষ্টা!


২৭ জানুয়ারি, ২০২২ ৪:০৫ : অপরাহ্ণ
মিরসরাই,ইউপি সদস্য,ছুরিকাঘাত, হত্যা চেষ্টা

নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রামের মিরসরাইয়ে সাবেক ইউপি সদস্য আবুল কাশেমকে ছুরিকাঘাত ও পিঠিয়ে মারাত্মকভাবে জখম করেছে দুর্বৃত্তরা। বুধবার (২৬ জানুয়ারি) রাতে উপজেলার শাহেরখালী ইউনিয়নের মঘাদিয়া খাল সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল বুধবার সন্ধ্যায় বাড়ি থেকে হাটতে বের হন আবুল কাশেম। রাত সাড়ে নয়টার সময়ও সে বাড়িতে ফিরে না আসায় তার সাথে যোগাযোগের চেষ্টা করে পরিবারের লোকজন।

এসময় তার মোবাইলে সংযোগ না পেয়ে স্বজনরা তাকে খুঁজতে বের হয়। একপর্যায়ে মগাদিয়া খালের কাদায় রক্তার্ত অবস্থায় তাকে পরে থাকতে দেখে সেখান থেকে উদ্ধার করা হয়।

প্রথমে মিরসরাই উপজেলা সদরের একটি বেসরকারি হাসপাতাল ও পরে অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে তাকে ভর্তি করানো হয়।

শাহেরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হায়দার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বুধবার রাতে কে বা কারা একই ইউনিয়নের সাবেক ইউপি সদস্য কাশেমকে রক্তার্ত জখম করে হত্যার চেষ্টা করেছে।

পরিবারের লোকজন স্থানীয় মঘাদিয়া খালের কাদা থেকে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন।

আজ বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) দুপুরে এসব তথ্য নিশ্চিত করে আহত আবুল কাশেমের স্ত্রী বিবি ফাতেমা সাংবাদিকদের জানান, চমেক হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন তার স্বামীর অবস্থা আশংকাজনক। বর্তমানে তার অপারেশন চলছে।

এ ঘটনার জন্য স্থানীয় শাহেরখালী ইউপির ৩ নম্বর ওয়ার্ডের সদস্য বেলাল হোসেনকে দায়ী করছেন ছুরিকাহত আবুল কাশেমের স্ত্রী বিবি ফাতেমা। তিনি বলেন, তার স্বামীর সাথে দীর্ঘদিন ধরে বেলালের বিরোধ চলে আসছিল।

তার ধারণা বেলালের লোকজন তার স্বামীর পেটে ও পিঠে ছুরিকাঘাত করে এবং লাঠি দিয়ে মাথায় ও শরীরের বিভিন্ন অংশে জখম করে তাকে হত্যার চেষ্টা করেছে।

তবে আহত কাশেমের সাথে কখনোই কোন কারণে বিরোধ ছিলো না জানিয়েছেন শাহেরখালী ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য বেলাল হোসেন।

তিনি বলেন তার বিরুদ্ধে অভিযোগগুলো সাজানো ও মনগড়া। তিনি মনে করেন তার কোন বিরোধীপক্ষ কাশেম সাহেবের পরিবারকে ভুল বুঝিয়েছেন।

এস এস/

0Shares

আরো সংবাদ