ভুয়া নথিপত্র ব্যবহার করে বন্দর থেকে কনটেইনার পাচার চেষ্টা


নিউজ ডেস্ক ২ এপ্রিল, ২০২৬ ২:৩০ : পূর্বাহ্ণ

ভুয়া নথিপত্র ব্যবহার করে চট্টগ্রাম বন্দর থেকে একটি ৪০ ফুট দীর্ঘ কনটেইনার পাচারের চেষ্টা নস্যাৎ করেছে বন্দর কর্তৃপক্ষ। আটক করা কনটেইনারটি ‘স্বদেশী চিটাগাং’ জাহাজে (রোটেশন নম্বর-২৫/৩৮৭১) ফাহিম অ্যাটেয়ার অ্যান্ড কম্পোজিট লিমিটেডের নামে আমদানি করা হয়েছিল। চালানটির এজেন্ট ছিল কন্টিনেন্টাল ট্রেডার্স।

বুধবার (১ এপ্রিল) রাতে চট্টগ্রাম বন্দর সচিব সৈয়দ রেফায়েত হামিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বন্দর সূত্রে জানা যায়, গত ৩১ মার্চ বিকেল সাড়ে চারটার দিকে জেএস ইন্টারন্যাশনাল নামের একটি সিঅ্যান্ডএফ এজেন্টের ভুয়া অন-চেসিস অনুমতিপত্র, চালান ও গেইট পাস ব্যবহার করে এনসিটি ব্যাকআপ ইয়ার্ড থেকে কনটেইনারটি একটি ট্রেইলারে তোলা হয়। পরে সিপিএআর গেট দিয়ে সেটি বের করে নেওয়া হয়। গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে বন্দর নিরাপত্তা বিভাগ গোয়েন্দা অনুসন্ধান শুরু করে।

এক পর্যায়ে কনটেইনারটির অবস্থান শনাক্ত করা হয় নগরের হালিশহর এলাকার বারনীঘাটে, শাহজালাল ট্রাক টার্মিনালের পাশে একটি গ্যারেজে। পরে বন্দর নিরাপত্তা বিভাগ বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় অভিযান চালিয়ে রাত সাড়ে ১১টার দিকে কনটেইনারসহ ট্রেইলারটি আটক করে। অভিযানের সময় পাচারের সঙ্গে জড়িত ব্যক্তিরা পালিয়ে যান।

এ ঘটনায় দায়ী ব্যক্তি বা প্রতিষ্ঠানকে চিহ্নিত করতে বন্দর কর্তৃপক্ষ একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে। পাশাপাশি বন্দর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন বন্দর সচিব।

এসএস/এমএফ

0Shares

আরো সংবাদ