বান্দরবানের রুমা থেকে অপহৃত ৬ জনকে ছেড়ে দিয়েছে অজ্ঞাতপরিচয় সন্ত্রাসীরা। সোমবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার পলিক পাড়ার কাছে একটি জঙ্গলে তাদের ছেড়ে দেওয়া হয়। মুক্তি পাওয়া ওই ছয়জন হলেন- বাসিং অং মারমা (৩০), হ্লা মং মারমা (৪৯), মংগ্যাই মারমা (৫৮), চিং তোয়াই মারমা (৫৪, থোয়াই মারমা (৬২) এবং প্রু সিং মারমা (৪০)। তারা সবাই সদর উপজেলার সামাখাল পাড়ার বাসিন্দা।
রুমা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শৈ মং মারমা জানান, গত শনিবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে একদল সন্ত্রাসী সামাখাল পাড়ায় ঢুকে ওই এলাকার ৬ জনকে অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে যায়।
এরপর থেকে নিরাপত্তা বাহিনীর সদস্যরা আশপাশের এলাকায় অভিযানে নামে। ফলে অপহৃতদের মুক্তি দিতে বাধ্য হয় সন্ত্রাসীরা। জিজ্ঞসাবাদ শেষে নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাদের নিজ নিজ বাড়িতে ফেরত পাঠিয়েছে বলে জানান চেয়ারম্যান।
রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কাসেম জানান, ঘটনাস্থল দুর্গম। সেখানে মোবাইল নেটওয়ার্ক না থাকায় এখনো নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। তবে অপহৃতরা মুক্ত হয়েছেন একটি সূত্র তা জানিয়েছে।