বহুতল ভবন ঘিরে তল্লাশি–হদিস মেলেনি কাউন্সিলর জসীমের


১৭ ফেব্রুয়ারি, ২০২৫ ২:০৮ : অপরাহ্ণ

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা ভূমিদস্যু জহুরুল আলম জসিমের খোঁজে একটি বহুতল ভবন ঘিরে তল্লাশি চালিয়েছে পুলিশ-স্থানীয়রা। তবে ভবনের নিচে ব্যবহৃত গাড়িটি দেখা গেলেও নাগাল পাওয়া যায়নি কাউন্সিলর জসিমের।

রবিবার (১৬ ফেব্রুয়ারি) একে খান মোড় সংলগ্ন পার্কওয়ে হাসপাতালের বহুতল ভবনে সন্ধ্যা ৬টা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। হাসপাতালটির উপরে তাঁর শ্বশুরবাড়ির ফ্ল্যাট রয়েছে বলে জানা গেছে।

পুলিশ বলছে, কাউন্সিলর জসিম এ ভবনে অবস্থান করছেন এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। তবে ১৪ তলা ভবনের প্রত্যেকটি ফ্ল্যাটে তন্নতন্ন করে খুঁজেও তাঁর নাগাল পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, সন্ধ্যা ৬টার দিকে ভবনটি ঘেরাও করে অভিযানে নামে পুলিশ। খবর পেয়ে পাশাপাশি অংশ নেয় বিএনপি, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র শিবির ও বৈষম্যবিরোধী আন্দোলনে যুক্ত নেতাকর্মীরা। অভিযানের শুরুতে ভবনটির পার্কিংয়ে জসিমের গাড়ি দেখে ভবনের প্রতিটি ফ্ল্যাটে পুলিশের সঙ্গে কাউন্সিলর জসিমকে তন্নতন্ন করে খুঁজতে থাকে তারা।

গুঞ্জন ছিল- ভবনের উপরে একটি ফ্ল্যাটে কাউন্সিলর জসিম অবস্থান করছেন। ফ্ল্যাটটির বাইরে ও ভেতর থেকে তালা লাগানো ছিল। দীর্ঘক্ষণ অপেক্ষার পরও না খোলায় এক পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে তল্লাশি চালান। তবে সেখানে কাউকে পাওয়া যায়নি।

রবিবার (১৬ ফেব্রুয়ারি) সাইবার ট্রাইব্যুনালে হাজিরা দিয়ে ফেরার পথে সাবেক কাউন্সিলর জহুরুল আলম জসিমের ছোট ভাই আলমগীরসহ তিনজনকে গ্রেপ্তার করে আকবরশাহ থানা-পুলিশ। মূলত তাঁর ভাই আলমগীরের দেয়া তথ্যে এ অভিযান চালিয়েছে বলে পুলিশের একটি সূত্র জানিয়েছে।

সরেজমিনে দেখা গেছে, ভবনটির সি-৯ এবং ডি-১৪ নামের দুইটি ফ্ল্যাটে দরজা ভেতর থেকে বন্ধ থাকায় পুলিশ স্থানীয়দের সহযোগিতায় দরজা ভেঙে অভিযান চালায়। অভিযানে প্রতিটি রুম ও স্টোর রুমের ভেতরে তল্লাশি চালিয়ে কাউকে পাওয়া যায়নি।

বাকি ফ্ল্যাটের বাসিন্দারা অভিযানে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করেন। এরপরও পুলিশ প্রতিটি ফ্ল্যাটে গিয়ে সাবেক কাউন্সিলর জসীম আছে কিনা তা যাচাই করে। এসময় ভবনের বাইরে, পার্কিংয়ে এবং জাকির হোসেন সড়কে ছাত্র-জনতা ভিড় করে।

অভিযান শেষে রবিবার (১৬ ফেব্রয়ারি) রাত ১১ টায় নগর পুলিশের পশ্চিম জোনের উপ-কমিশনার (ডিসি) হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া বলেন, প্রাথমিক একটি তথ্যের ভিত্তিতে আমরা গোলবাহার টাওয়ার নামের ভবনটিতে অভিযান পরিচালনা করি। আমরা সবদিক দেখার পরও ভবনে সাবেক কাউন্সিলর জহুরুল আলম জসিমের খোঁজ পায়নি। তাকে গ্রেপ্তার করতে আমরা আরো খোঁজ নেওয়ার চেষ্টা করছি।

এসএস/এমএফ

0Shares

আরো সংবাদ