চট্টগ্রামে মসজিদের মাইকে ‘এলাকায় ডাকাত এসেছে’ ঘোষণা দিয়ে র্যাব-৭ এর সদস্যদের ওপর হামলা করেছে বলিরহাটের ফার্নিচার ব্যবসায়ীরা। রোববার নগরের বাকলিয়া থানার বলিরহাট এলাকায় অবৈধ কাঠ জব্দ করতে গিয়ে এ হামলার ঘটনা ঘটে। এতে র্যাবের কয়েকজন সদস্য আহত হয়েছেন। তাদের একজনের অবস্থা গুরুতর। এ ঘটনায় ভাংচুর করা হয়েছে র্যাব সদস্যদের বহনকারী গাড়িও।
ঘটনার প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বলিরহাট এলাকায় অবৈধ কাঠ মজুদ আছে খবর পেয়ে অভিযানে যায় র্যাব-৭ এর একটি দল। সঙ্গে বন বিভাগের কর্মকর্তাদেরও নিয়ে যাওয়া হয়। বন বিভাগের কর্মকর্তারা কাগজ যাচাই-বাছাই শুরু করলে ক্ষিপ্ত হয়ে উঠে স্থানীয় কাঠ ব্যবসায়ীরা।
এসময় স্থানীয় মসজিদের মাইকে এলাকায় ডাকাত এসেছে প্রচার করা হলে লোকজন উত্তেজিত হয়ে জড়ো হয়ে যায়। র্যাবের দলের উপর ইটপাটকেল ছুঁড়ে হামলা শুরু করে। ফাঁকা ফায়ার করে উত্তেজিত লোকজনকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করে তারা।
ব্যর্থ হয়ে একপর্যায়ে পিছু হটে র্যাব সদস্যরা। পরে অতিরিক্ত ফোর্স নিয়ে আবারও অভিযান শুরু করে র্যাব ও বন বিভাগের কর্মকর্তারা। হামলাকারীদের গ্রেপ্তার ও অবৈধ কাঠ জব্দ করে তারা।
র্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মশিউর রহমান জুয়েল বলেন, অভিযান শুরুর সঙ্গে সঙ্গে স্থানীয় দুইজন লোক মসজিদের মাইকে ঘোষণা দেন- এলাকায় ডাকাত এসেছে, আপনারা সবাই জড়ো হন। তখন এলাকার লোকজন সংঘবদ্ধ হয়ে অতর্কিত হামলা করে।
এতে আমাদের চারজন সদস্য আহত হয়েছেন। একজনের অবস্থা গুরুতর। তার মাথায় তিনটি সেলাই দেওয়া হয়েছে। খবর পেয়ে অতিরিক্ত ফোর্স গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন যারা হামলায় জড়িত এবং সরকারি কাজে বাধা দিয়েছে তাদের ধরতে আমরা অভিযান চালাচ্ছি।
চট্টগ্রাম উত্তর বন বিভাগের সহকারী বন সংরক্ষক এ জেড এম হাছানুর রহমান বলেন, র্যাবের দেওয়া তথ্যের ভিত্তিতে তাদের সঙ্গে বন বিভাগের একটি টিম অভিযানে যায়। এসময় স্থানীয় ব্যবসায়ীরা অভিযানের উপর হামলা করে। খবর পেয়ে অতিরিক্ত লোকবল নিয়ে ঘটনাস্থলে যাই। এরপর অবৈধ কাঠ জব্দ করা শুরু করি। এখন জব্দ করা কাঠের পরিমাপ করা হচ্ছে।
১৮ নম্বর পূর্ব বাকলিয়া ওয়ার্ডের কাউন্সিলর হারুন উর রশীদ বলেন, কাঠ জব্দ করতে গেলে স্থানীয় ব্যবসায়ীরা র্যাবের সদস্যদের উপর ইট-পাটকেল নিক্ষেপ করেছে বলে শুনেছি। পরে র্যাবের পক্ষ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। তারা হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তার করছে।
এসএস