বর্জ্য ব্যবস্থাপনা শিখতে বিদেশ ভ্রমণে গেলেন মেয়র রেজাউল


৭ নভেম্বর, ২০২৩ ১:৩২ : অপরাহ্ণ

বর্জ্য ব্যবস্থাপনা শেখার নামে ফিনল্যান্ড ভ্রমণে গেলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র রেজাউল করিম চৌধুরী। সোমবার (৬ নভেম্বর) সকাল ৭টার ফ্লাইটে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফিনল্যান্ডের তুর্ক শহরের উদ্দেশে যাত্রা করেন তিনি।

সফরসঙ্গী হিসেবে রয়েছেন তার একান্ত সচিব আবুল হাশেম। আগামী ১৫ নভেম্বর দেশে ফেরার কথা রয়েছে তাদের। দেশে চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে চসিক মেয়রের বিদেশ ভ্রমণ বেশ আলোচনার জন্ম দিয়েছে নিজ দল আওয়ামী লীগ নেতাকর্মীদের মাঝে।

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, মেয়র হওয়ার আগে এবং পরে তিনি দলীয় কোনো কাজে সক্রিয় ছিলেন না। বিএনপি-জামায়াত এখন হরতাল-অবরোধ দিয়ে দেশ ও দলকে বেকায়দায় ফেলেছে। এ অবস্থায় বিদেশ ভ্রমণ কোনোভাবেই কাম্য নই। দলের পাশে থাকাটাই কাম্য ছিল।

এদিকে ফিনল্যান্ড ভ্রমণকালীন সময়ে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালন করবেন চসিকের রামপুর ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র-১ আবদুস সবুর লিটন।

তিনি জানান, ‘হাবা- আন্ডারথাউন্ড ওয়েস্ট স্টোরেজ সিস্টেমের আমন্ত্রণে বর্জ্য ব্যবস্থাপনা শিখতে মেয়র ফিনল্যান্ড ভ্রমণে গেছেন। এ লক্ষে গতরাত সাড়ে ৮টায় তিনি চট্টগ্রাম থেকে অভ্যন্তরীণ একটি ফ্লাইটে ঢাকায় রওয়ানা হন। সোমবার সকালে তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর ত্যাগ করেন।

চসিকের জনসংযোগ ও প্রটোকল কর্মকর্তা আজিজ আহমেদ জানান, ফিনল্যান্ডে মেয়র হারা কোম্পানির তৈরি বর্জ্য ব্যবস্থাপনার আধুনিক বিভিন্ন সিস্টেম প্রত্যক্ষ করবেন। তার একান্ত সচিব আবুল হাশেম সফরসঙ্গী হিসেবে রয়েছেন।

এ বিষয়ে সুশাসনের জন্য নাগরিক (সুজন) চট্টগ্রামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আখতার কবীর চৌধুরী বলেন, বর্জ্য ব্যবস্থাপনা ইউটিউব সার্স করে ভিডিও দেখে শেখা যায়। এ জন্য বিদেশ যেতে হয় না। তাছাড়া মেয়র কত বছর দায়িত্বে থাকবেন? বিদেশ সফরের অভিজ্ঞতা তিনি কখন কোথায় কাজে লাগাবেন।

তিনি বলেন, অর্থ মন্ত্রণালয় থেকে দেওয়া ২০২৩-২৪ অর্থবছরে ‘পরিচালন ও উন্নয়ন বাজেটের কতিপয় ব্যয় স্থগিত/হ্রাসকরণ ও বিদেশ ভ্রমণ সীমিতকরণ’ বিষয়ক এক পরিপত্রে সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ সীমিতকরণের পাশাপাশি কারিগরি জ্ঞানসম্পন্ন সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিদেশ ভ্রমণের কথা বলা হলেও প্রকল্পের কাজে বিদেশ যাচ্ছেন কারিগরি জ্ঞান না থাকা কর্মকর্তারা।

এসএস/ফোরকান

0Shares

আরো সংবাদ