নিউজ ডেস্ক: চট্টগ্রামের বন্দর এলাকায় মোটরসাইকেলে করে কর্মস্থলে যাওয়ার পথে কাভার্ডভ্যানের ধাক্কায় এক পোশাক কারখানার কর্মকর্তার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে নগরীর ফকিরহাট এলাকায় বন্দরের দুই নম্বর জেটি গেইটের সামনে এ ঘটনা ঘটে বলে বন্দর থানার ওসি জাহেদুল কবির জানান।
নিহত তুষার রক্ষিতের বাড়ি চট্টগ্রামের পটিয়া উপজেলার হাবিলাসদ্বীপ গ্রামে। ৫১ বছর বয়সী তুষার চট্টগ্রাম ইপিজেডে ইয়ংওয়ান করপোরেশনের সুপারভাইজার ছিলেন। চার সন্তান ও স্ত্রীসহ নগরীর ব্যাটারি গলির বাসায় থাকতেন তিনি।
তুষারের শ্যালক প্রবাল চৌধুরী জানান, বাসা থেকে মোটরসাইকেলে করে ইপিজেড এলাকায় কর্মস্থলে যচ্ছিলেন তুষার। দুই নম্বর জেটি গেইটের সামনে পৌঁছালে পাশ থেকে একটি কভার্ডভ্যান মোটারসাইকেলকে ধাক্কা দিলে তিনি সড়কে ছিটকে পড়েন।
পরে গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর ওই কভার্ডভ্যান এবং চালককে আটক করা হয়েছে বলে জানান ওসি।
এসএস