পূর্ব রেলের আড়াই কোটি টাকা হাতিয়ে নিল জুনিয়র অডিটর ফয়সাল!


৯ মে, ২০২১ ৫:২৩ : পূর্বাহ্ণ

পূর্ব রেলের হিসাব বিভাগ থেকে আড়াই কোটি টাকা আত্মসাতের অভিযোগে ওই বিভাগে কর্মরত জুনিয়র অডিটর ফয়সাল মাহবুবকে আটক করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি)।

শনিবার (৮ মে) রাতে তাকে আটক করা হয়েছে। ধারণা করা হচ্ছে হিসাব বিভাগের সফটওয়্যারের পাসওয়ার্ড জালিয়াতি করে ফয়সাল রেলের আড়াই কোটি টাকা হাতিয়ে নিয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে হিসাব বিভাগের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

নাম প্রকাশে অনিচ্ছুক বিভাগের একজন কর্মকর্তা জানান, ফয়সাল মাহবুব হিসাবে বিভাগের জুনিয়র অডিটর হিসাবে কর্মরত আছেন। রেলের হিসাব বিভাগের যাবতীয় হিসাব সুনির্দিষ্ট সফটওয়ারের মাধ্যমে সম্পন্ন হয়। শুক্রবার দেখা যায় সরকারি অর্থের কয়েক কোটি টাকা কম দেখা যাচ্ছে। পরে তদন্ত করে দেখা যায় পাসওয়ার্ড জালিয়াতি করে টাকাগুলো সরিয়ে নিয়েছেন ফয়সাল।

উক্ত কর্মকর্তা জানান, আসলে কত টাকা সরানো হয়েছে তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যাচ্ছে না। আমরা হিসাব করে দেখছি। তবে ধারণা করা হচ্ছে, খোয়া যাওয়া অর্থের পরিমাণ প্রায় আড়াই কোটি টাকা। ফয়সালের অর্থ আত্মসাতের বিষয়টি প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় তাকে আরএনবির হাতে সোপর্দ করা হয়েছে গত শনিবার রাতে।

রেলওয়ে নিরাপত্তা বাহিনী চট্টগ্রামের কমান্ড্যান্ড মো. শফিকুল ইসলাম জানান, বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগে জুনিয়র অডিটর ফয়সালকে আমরা আটক করেছি। প্রাথমিকভাবে অর্থ আত্মসাতের বিষয়টি শনাক্ত হয়েছে। কত টাকা সরিয়েছে তা তদন্ত করা হচ্ছে।

এ ব্যাপারে পূর্ব রেলের অর্থ উপদেষ্টা কামরুন নাহার সকালের-সময়কে জানান, আমার ইউনিটের একজন ব্যক্তি এই কাজটি করেছে, এবং সে স্বীকার ও করেছে। টাকা আত্মসাতের বিষয়টি উদঘাটন করার পর তাকে আমরা আরএনবির হাতে তুলে দিয়েছি, এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই বিষয়ে অবগত করেছি। এটা যেহেতু সরকারি টাকা তাকে দিতেই হবে। এছাড়া আমাদের আর কোনো উপায় নেই।

এসএস

0Shares

আরো সংবাদ