ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনে আগুন, খতিয়ে দেখবে চার সদস্যের কমিটি


নিজস্ব প্রতিবেদক ২৬ মার্চ, ২০২৬ ৬:৪৮ : অপরাহ্ণ

ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনে আগুন লেগে পাওয়ার কার ও একটি বগি পুড়ে গেছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল সোয়া ৬টার দিকে সীতাকুণ্ডের ফৌজদারহাট স্টেশনের কাছে ট্রেনটিতে আগুন লাগে। ট্রেনটি চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার পর কোনও এক পর্যায়ে আগুনের সূত্রপাত হয় এবং দুটি বগিতে আগুন ছড়িয়ে পড়ে।

কুমিরা ফায়ার স্টেশনের সহকারী কর্মকর্তা এহসান আলী বলেন, ‘সকাল ৮টার দিকে আগুন নেভানো হয়। আগুনে ট্রেনের পাওয়ার কার (বিদ্যুৎ সরবরাহ করা বগি) ও একটি শীতাতপ নিয়ন্ত্রিত বগি পুড়ে গেছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে ট্রেনে পাওয়ার কার থেকে আগুন লেগে থাকতে পারে। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আন্তনগর ট্রেনটি সকাল ৬টায় চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই ট্রেনের দুটি বগি থেকে ধোঁয়া ও আগুনের শিখা দেখা যায়। এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেকেই দ্রুত ট্রেন থেকে নেমে যাওয়ার চেষ্টা করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

রেলওয়ে পূর্বাঞ্চলের সূত্র জানিয়েছে, চট্টলা এক্সপ্রেসে পাওয়ার কারসহ ১৮টি বগি ছিল। পেছন দিক থেকে ছয় নম্বরে থাকা পাওয়ার কার এবং একটি এসি বগি আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুনের কারণ তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি।

এদিকে বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) মোস্তাফিজুর রহমান ভূঁইয়া বলেন, চট্টলা এক্সপ্রেস ট্রেনের শীতাতপ নিয়ন্ত্রিত দুটি বগিতে অগ্নিকাণ্ডের ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে রেলওয়ে পূর্বাঞ্চল কর্তৃপক্ষ এ তদন্ত কমিটি গঠন করেছে বলে নিশ্চিত করেছেন বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) মোস্তাফিজুর রহমান ভূঁইয়া।

মোস্তাফিজুর রহমান ভূঁইয়া জানান, ট্রেনের বগিতে অগ্নিকাণ্ডের বিষয়টি খতিয়ে দেখতে বিভাগীয় পরিবহন কর্মকর্তাকে (ডিটিও) প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে কমিটিকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

প্রাথমিক ধারণায় যান্ত্রিক ত্রুটির কারণে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানতে অধিকতর তদন্ত করবে গঠিত কমিটি। তদন্তে অগ্নিকাণ্ডের সত্যতা নিশ্চিতের পর সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রসঙ্গত, আজ বৃহস্পতিবার সকাল সোয়া ৭টায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা চট্টলা এক্সপ্রেস ট্রেন সীতাকুণ্ডের ভাটিয়ারি বাংলাদেশ মিলিটারি গেটসংলগ্ন রেললাইন এলাকা অতিক্রমকালে ট্রেনের পাওয়ার কার ও তার সঙ্গে লাগোয়া শীতাতপ নিয়ন্ত্রিত একটি বগিতে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

এসএস/এমএফ

0Shares

আরো সংবাদ