চট্টগ্রাম ওয়াসায় বিভিন্ন প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির তদন্তে মাঠে নেমেছে দুর্নীতি দমন কমিশন-দুদক। বুধবার সকালে দুদকের তিন সদস্যের একটি টিম ওয়াসা ভবনে গিয়ে বিভিন্ন প্রকল্পের নথিপত্র জব্দ করেছে। দুদক- চট্টগ্রামের উপ-পরিচালক ফখরুল ইসলামের নেতৃত্বে দুদক টিম ওয়াসায় যায়।
সূত্র জানায়, চট্টগ্রাম ওয়াসায় বিগত ১০ বছর বা তার আগেরসহ বিভিন্ন প্রকল্পে ব্যাপক-অনিয়ম দুর্নীতির অভিযোগ কমিশনে জমা পড়েছে।
এসব অভিযোগের মধ্যে রয়েছে বিভিন্ন প্রকল্পের অধীনে প্রকৌশলী নিয়োগ ও পরে তাদের স্থায়ী করা, পাম্প অপারেটর নিয়োগ ও মিটার পরিদর্শক নিয়োগে দুর্নীতি, শত শত কোটি টাকার যেসব প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে এসব প্রকল্পেও অনিয়ম, দুর্নীতির অভিযোগ রয়েছে। ওয়াসার একাধিক শীর্ষ কর্মকর্তাও রয়েছেন অভিযুক্তের তালিকায়।
দুদকের উপ-পরিচালক ফখরুল ইসলাম বলেন, ওয়াসার বিভিন্ন প্রকল্পে অনিয়মের অভিযোগ আগে থেকে ছিল। বিষয়টি তদন্ত করতে আমরা ওয়াসায় গিয়েছিলাম। ওখানে আধঘণ্টার মতো ছিলাম। প্রয়োজনীয় কিছু নথিপত্রও আমরা সংগ্রহ করেছি। সবকিছু যাচাই-বাছাই করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
এসএস