চট্টগ্রামে স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত এক আলোচনা সভায় দলের দুটি গ্রুপের মধ্যে চেয়ার ছোড়াছুড়ি ও হাতাহাতির ঘটনা ঘটেছে। রক্তাক্ত ১৫ ও ২১ আগস্ট উপলক্ষে শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে দলের কেন্দ্রিয় নেতাদের উপস্থিতিতে এই অপ্রীতির ঘটনা ঘটে। সভায় স্বেচ্ছাবেসক লীগের বিভিন্ন পর্যায়ের বিপুল নেতাকর্মী উপস্থিত ছিলেন।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার বিকেলে সভার কার্যক্রম শুরু হওয়ার পর নেতাকর্মীদের স্লোগানে সভার কার্যক্রমে দফায় দফায় ছন্দপতন ঘটছিল। সভাজুড়ে ছিল চরম বিশৃঙ্খলা। তবে সভা মঞ্চে কেন্দ্রীয় নেতারা আসন নেওয়া নেওয়ার পর মঞ্চের দু’দিক থেকে থেমে থেমে দলের দুটি গ্রুপ পাল্টাপাল্টি স্লোগান দিতে থাকে।
একপর্যায়ে একপক্ষ আরেক পক্ষকে লক্ষ্য করে চেয়ার ছুড়ে মারতে থাকে। এ সময় মঞ্চে থাকা সিনিয়র নেতারা পরিস্থিতি নিয়ন্ত্রণে গলদঘর্ম হন।
এ বিষয়ে জানতে নগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশীষ নাথ দেবু ও সাধারণ সম্পাদক আজিজুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি। তবে স্বেচ্ছাসেবক লীগের একজন যুগ্ম সম্পাদক বলেছেন, নগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজের অনুসারী হিসেবে পরিচিত দুটি গ্রুপই মূলত চেয়ার ছোড়াছুড়ির ঘটনায় জড়িয়ে পড়েন।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু, প্রধান বক্তা ছিলেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুসহ দলের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতারা।
এসএস