রোববার চট্টগ্রামে বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগ-যুবলীগের দফায় দফায় সংঘর্ষ হচ্ছে। এসময় নগরীর তিনপোলের মুখে এক যুবকের হাতে অস্ত্র দেখা যায়। ছবি—গণমাধ্যম
চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের ব্যাপক সংঘর্ষে শতাধিক আহত হয়েছেন। রবিবার (৪ আগস্ট) সকাল থেকে নগরীর নিউমার্কেট, তিন পুলের মাথা ও নন্দন কাননসহ বিভিন্ন স্থানে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের বেশির ভাগই গুলিবিদ্ধ বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল সূত্র জানিয়েছে, দুপুর দেড়টা পর্যন্ত সংঘর্ষের ঘটনায় কমপক্ষে ৫০ জন আহত ব্যক্তি এ হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। সংঘর্ষে আহত হয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রামের অন্যতম সমন্বয়ক তালাত মাহমুদ রাফিও।
এর আগে সকাল ১০টা থেকে নিউমার্কেট চত্বরে ছাত্রলীগ ও পুলিশের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষ বাঁধে। পুলিশ শিক্ষার্থীদের লক্ষ্য করে টিয়ারশেল, কাঁদানে গ্যাস এবং রাবার বুলেট নিক্ষেপ করে। পুলিশের সঙ্গে ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরাও একত্র হয়ে ছাত্রদের ওপর গুলি, পাথর এবং ককটেল নিক্ষেপ করেছেন বলে অভিযোগ করেন তালাত মাহমুদ রাফি।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মো. তসলিম উদ্দিন বলেন, ‘সংঘর্ষের ঘটনায় হাসপাতালে বেশ কয়েকজন আহত হয়ে এসেছেন এবং আসছেন। তাদের বেশির ভাগই ছররা গুলিতে আহত হয়েছেন।
এসএস/এমএফ