ঘুষের টাকা না নেওয়ায় কর্মচারীকে চড়-থাপ্পড় মারলেন এডিশনাল সিওপিএস!


২২ এপ্রিল, ২০২২ ৪:১৫ : অপরাহ্ণ

ঘুষের টাকার ভাগ গ্রহণ না করায় রেলের এক কর্মচারীকে চড়-থাপ্পড়সহ নাজেহাল করেছেন ঊর্ধ্বতন কর্মকর্তা। একইসঙ্গে কটূক্তি করা হয়েছে তার পরিবারের সদস্যদের নিয়ে। এ বিষয়ে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য এমন একটি অভিযোগ লিখিতভাবে জানিয়েছেন পূর্ব রেল দফতরের অফিস সহকারী সোহেল হোসেন।

অভিযোগে তিনি বলেন, ঘুষের টাকা না নেয়ায় তাকে চড় থাপ্পড় মারাসহ তার পরিবার নিয়ে কটূক্তি করেছেন রেলওয়ে পূর্বাঞ্চলের অতিরিক্ত চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট মোহাম্মদ জাকির হোসেন।

এই ব্যাপারে গত ২০ এপ্রিল রেলওয়ে পূর্বাঞ্চলের চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট এস এম সালাউদ্দিনের কাছে তিনি লিখিত অভিযোগ দিয়েছেন। লিখিত অভিযোগের বিষয় ছিল ‘ঘুষের টাকা গ্রহণ না করায় চড় থাপ্পড় মারাসহ আমার পরিবারকে নিয়ে কটুক্তি করা প্রসঙ্গে।

এই ব্যাপারে গতকাল তিনি গণমাধ্যমকে বলেন, ঘুষের টাকা না নেয়া কি আমার অপরাধ হতে পারে ? আমি টাকা নিতে অস্বীকার করায়- অতিরিক্ত চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট মো. জাকির হোসেন স্যার আমাকে মারধরের হুমকি দিয়েছেন। এ জন্য তিনি আমার পরিবার সম্পর্কে তো কটূক্তি করতে পারেন না। এই বিষয়ে লিখিত কি অভিযোগ করেছেন জানতে চাইলে তিনি অভিযোগপত্রের একটি কপি গণমাধ্যমকে দেন।

এই অভিযোগপত্রে তিনি উল্লেখ করেন- আমি মোঃ সোহেল হোসেন, বাংলাদেশ রেলওয়ে সিওপিএস দপ্তরে অফিস সহকারী হিসেবে দীর্ঘ আট বছর যাবত কর্মরত আছি। আমার চাকরি জীবনে কোন চার্জশিট, সাসপেন্ড অথবা কোন উর্ধ্বতন কর্মকর্তার সাথে অশালীন আচরণ করি নাই এবং এ ধরনের কোনো অভিযোগও আমার বিরুদ্ধে নাই।

কিন্তু গত ১৩ এপ্রিল অফিস জমাদারের মাধ্যমে এডিশনাল সিওপিএস জাকির হোসেন স্যার সবাইকে কনফারেন্স রুমে আসার নির্দেশ দেন। মিটিং শেষ হওয়ার পর সবাইকে একটি করে প্যাকেট হাতে দেন, আমাকে প্যাকেটটি দিতে আসলে আমি উনার কাছে জানতে চাইলাম কিসের প্যাকেট? তিনি আমাকে জানালেন এটি টিজি সেকশনের প্রতিমাসের উৎকর্ষের (উৎকোচ) টাকা।

আমি উক্ত টাকাটি গ্রহণ করতে অনীহা প্রকাশ করলে-তিনি কারণ জানতে চান। আমি উনাকে বললাম আমি রোজা রাখছি-পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, আমার একটি ছেলে অসুস্থ, সে অটিজম। যার কারণে এই অবৈধ টাকাটি আমি নিতে চাই না। সাথে সাথে তিনি আমাকে চড়-থাপ্পড় মারবেন বলে আমার দিকে তেড়ে আসেন এবং আমার পরিবারকে নিয়ে অশালীন ভাষায় কটূক্তি করতে থাকেন। এই বিষয়ে তিনি তার ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে প্রতিকার চেয়ে এই অভিযোগ দেন।

এই ব্যাপারে রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) জাহাঙ্গীর হোসেন জানান, এতো বড় ঘটনা আমি তো জানি না। সিওপিএস এস এম সালাউদ্দিন ঢাকায় আছেন। ডিজি সাহেব এখন দেশে নেই। তিনি দেশে আসলে এডিশনাল সিওপিএস মো. জাকির হোসেনের বিষয়টি জানাবো।

অভিযোগ রয়েছে অফিসের কর্মকর্তা-কর্মচারীদের যারা এডিশনাল সিওপিএস মো. জাকির হোসেনের কথা শুনেন না তাদেরকে তিনি তার ড্রাইভার অলিউর রহমানকে দিয়ে হুমকি-ধমকি দেন। এ বিষয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক জাহাঙ্গীর হোসেন বলেন, ‘ড্রাইভার কি বলেছেন, সেটা আমাকে বলেন, আমি তাকে বদলি করে দেবো।

পূর্বাঞ্চলের চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট এস এম সালাউদ্দিন ফোন না ধরায় এ বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া যায়নি। পরে জানা গেছে, অফিসের কাজে তিনি ঢাকায় অবস্থান করছেন।

একই বিষয়ে জানার জন্য রেলওয়ে পূর্বাঞ্চলের এডিশনাল সিওপিএস মো. জাকির হোসেনের মোবাইলে একাধিকবার কল দেয়া হলেও তিনি কল রিসিভ করেননি।

এসএস

0Shares

আরো সংবাদ