একটি মহল নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে অপকর্ম করছে—আবু সুফিয়ান


১১ জানুয়ারি, ২০২৬ ১১:২০ : অপরাহ্ণ

নির্বাচনী সহিংসতাকে ভোটের পরিবেশ নষ্ট করার অপচেষ্টা হিসেবে দেখছেন চট্টগ্রাম-৯ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আবু সুফিয়ান। তিনি বলেন, ‘সাম্প্রতিক সময়ে বিএনপি নেতাদের ওপর হামলা ও গুলির ঘটনা কোনোভাবেই বিচ্ছিন্ন নয়। এর মাধ্যমে একটি মহল নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে অপকর্ম চালিয়ে যাচ্ছে।

রোববার (১১ জানুয়ারি) দুপুরে নগরের জামাল খান এলাকার এক রেস্টুরেন্টে আয়োজিত মতবিনিময় সভায় সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহর গণসংযোগে গুলিবর্ষণ এবং ঢাকায় বিএনপি নেতা ওসমান হাদির হত্যাকাণ্ড প্রমাণ করে নির্বাচনের পরিবেশ বিঘ্নিত করার ষড়যন্ত্র চলছে। এসব ঘটনার পেছনে যারা জড়িত, তাদের দ্রুত আইনের আওতায় আনতে প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি।

তিনি বলেন, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখা প্রশাসনের দায়িত্ব। অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিলে ভোটের পরিবেশ ক্ষতিগ্রস্ত হবে। প্রার্থী হিসেবে প্রশাসনকে সহযোগিতা করতে আমরা প্রস্তুত।’

নির্বাচনী আচরণবিধির প্রসঙ্গ টেনে আবু সুফিয়ান বলেন, বিএনপি নিয়ম মেনেই আগামী ২২ জানুয়ারি থেকে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করবে। তবে মানুষের সঙ্গে দলের সম্পর্ক গভীর হওয়ায় মাঠে না নামলেও জনগণের সাড়া পাচ্ছি।

তিনি বলেন, অতীতে ভোটের দিন ছিল উৎসবের মতো। মানুষ নির্ভয়ে ভোটকেন্দ্রে যেত। কিন্তু বিগত সরকারের আমলে ভোটের দিন আতঙ্কে পরিণত হয়েছিল। গুলি, বোমা ও ককটেলের রাজনীতি মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছিল।

আবু সুফিয়ান আরও বলেন, ‘প্রশাসন, সেনাবাহিনী ও নির্বাচন কমিশনের পক্ষ থেকে ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দেওয়া হয়েছে। সে আশ্বাসে বিএনপি আস্থা রাখতে চায়। জনগণ সচেতন থাকলে কোনো অপশক্তি নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারবে না।

ক্ষমতাকে পবিত্র আমানত হিসেবে গ্রহণ করার কথা জানিয়ে তিনি বলেন, ‘নির্বাচিত হলে ক্ষমতাকে ভোগের বিষয় নয়, পবিত্র আমানত হিসেবে গ্রহণ করবেন এবং জনগণের আকাঙ্ক্ষা পূরণে কাজ করবেন।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম-৯ আসনে নির্বাচন পরিচালনা কমিটির চিফ কোঅর্ডিনেটর ও মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য সামশুল আলম, চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক সাইফুল আলম ও আহমেদুল আলম চৌধুরী রাসেল।

এ সময় উপস্থিত মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক হারুন জামান, ইয়াছিন চৌধুরী লিটন, শিহাব উদ্দিন মোবিন, আহবায়ক কমিটির সদস্য অধ্যাপক নুরুল আলম রাজু, মো. মহসিন, খোরশেদুল আলম, আনোয়ার হোসেন লিপু, ইসমাঈল বালি, মহানগর মহিলা দলের সভাপতি মনোয়ারা বেগম মনি, চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও বাসস-এর চট্টগ্রাম ব্যুরো প্রধান মো. শাহনওয়াজসহ চট্টগ্রামে কর্মরত গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।

এসএস/ফোরকান

0Shares

আরো সংবাদ