আসামি ধরতে এসে চট্টগ্রামে হামলার শিকার কুমিল্লার পুলিশ


৪ মার্চ, ২০২২ ১২:৩২ : অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: আসামি ধরতে এসে চট্টগ্রামে স্থানীয়দের হামলার শিকার হয়েছে কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম। বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানার সাগরিকা বিটাক মোড়ে এ ঘটনা ঘটে।

হামলায় ডিবি পুলিশ বহনকারী মাইক্রোবাসের কাঁচ ভেঙে গেছে বলেও অভিযোগ পাওয়া গেছে। এছাড়াও এসময় পুলিশের হাতে আটক দুই আসামি পালিয়ে যায়। চট্টগ্রাম নগর পুলিশের উপ-কমিশনার (পশ্চিম) আব্দুল ওয়ারিশ গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আব্দুল ওয়ারিশ জানান, নাঙ্গলকোট উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতার মামলার আসামি ধরতে চট্টগ্রাম এসেছিল কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। তাদের সঙ্গে এক আসামি ছিলেন। বিটাক মোড় থেকে আরেক আসামিকে আটক করার পর বিটাক মোড়ের স্থানীয় কিছু লোকজন জড়ো হয়ে তাদের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে হামলা চালায়। এসময় হামলায় ডিবি পুলিশ বহনকারী মাইক্রোবাসের কাঁচ ভেঙে যায়।

সিএমপির গোয়েন্দা কর্মকর্তা ওয়ারিশ আরও জানান, স্থানীয়রা পুলিশের ওপর হামলা চালালে এসময় রফিক ও আজাদ নামের দুই আসামিই পালিয়ে গেছে বলে জানা গেছে।

এদিকে পাহাড়তলী থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের সঙ্গে পাহাড়তলী থানা পুলিশও ওই দুই আসামিকে ধরতে মাঠে নেমেছে।

এসএস

0Shares

আরো সংবাদ