আইনজীবী সাইফুল হত্যা মামলার চার্জ গঠন ১৯ জানুয়ারি


১৫ জানুয়ারি, ২০২৬ ১:২১ : অপরাহ্ণ

আলোচিত অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার বিচারিক কার্যক্রম শুরু হয়েছে। বিচারিক আদালতে মামলার প্রথম দিনে নথিপত্র পর্যালোচনা করে পরবর্তীতে উভয় পক্ষের শুনানি শেষে চার্জগঠনের জন্য ১৯ জানুয়ারি ধার্য করা হয়।

বুধবার (১৪ জানুয়ারি) বিকাল ৩টায় দ্রুত বিচার ট্রাইবুন্যালের বিচারক মো. জাহিদুল হকের আদালত এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, গ্রেপ্তার ২২ জন আসামিকে কড়া নিরাপত্তার মধ্যে আদালতে হাজির করা হয়। বিচারক এজলাসে উঠে একে একে সকল আসামির নাম ধরে হাজিরা নিশ্চিত করেন। বিচারিক আদালতের প্রথম দিনে নথিপত্র পর্যালোচনা করা হয়েছে। সকল আসামির উপস্থিতিতে আগামী ১৯ জানুয়ারি উভয় পক্ষের শুনানি শেষে চার্জগঠন করা হবে।

সত্যতা নিশ্চিত করে আলিফ হত্যা মামলার আইনজীবী চট্টগ্রাম মহানগরের সহকারী পাবলিক প্রসিকিউটর মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী বলেন, এ মামলার প্রধান আসামী চিন্ময় কৃষ্ণ দাসকে নিরাপত্তা বিবেচনায় আদালতে হাজির করা হয়নি। এছাড়া ২২ জন আসামিকেই উপস্থিত করা হয়েছে।

এসময় কয়েকজন আসামি আদালতের অনুমতি নিয়ে বক্তব্য রাখেন এবং নিজেদের পক্ষে আইনজীবী ও নিরাপত্তা চেয়ে আবেদন করেন। আদালত আসামিদের আইনজীবী নিয়োগ ও প্রয়োজনীয় নিরাপত্তা প্রদানের বিষয়ে আইনানুগ সকল ব্যবস্থা গ্রহণ করা হবে মর্মে আশ্বস্ত করেন। প্রয়োজনে রাষ্ট্রপক্ষ থেকে আসামিদের পক্ষে আইনজীবী নিয়োগ দেওয়ার কথাও আদালত উল্লেখ করেন।

বিচারকের বরাত দিয়ে তিনি জানান, এই পর্যায়ে আদালত কাউকেই চূড়ান্ত আসামি হিসেবে বিবেচনা করছে না। সবাই সাধারণ অভিযুক্ত। মামলায় অভিযোগ প্রমাণিত হলেই কেবল আসামি হিসেবে গণ্য হবেন।

উল্লেখ্য, শুনানিকালে আদালতের বাইরে আসামিদের আত্মীয়স্বজন ও সংশ্লিষ্ট সম্প্রদায়ের বিপুল উপস্থিতি লক্ষ্য করা যায় এবং চত্বরে উত্তেজনাকর পরিস্থিতি ও বিক্ষোভের দৃশ্য দেখা যায়।

এসএস/এমএফ

0Shares

আরো সংবাদ