অবশেষে শিক্ষককে মারধর করা সেই নাজিম গ্রেফতার!


৩ আগস্ট, ২০১৯ ৯:০৭ : পূর্বাহ্ণ

চট্টগ্রাম সরকারি সিটি কলেজ কেন্দ্রে বিএড ও এমএড পরীক্ষা চলাকালীন নকলে বাধা দেয়ায় কলেজে এক সহকারী অধ্যাপকের গায়ে লাথি দেয়া সেই নাজিম উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২ আগস্ট) মধ্যরাতে নগরের পূর্ব বাকলিয়া থেকে তাকে গ্রেফতার করা হয় বলে সকালের-সময় ডট কমকে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা ও নগরের সদরঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) ফারুক।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নগরের পূর্ব বাকলিয়া এলাকা থেকে অভিযুক্ত নাজিম উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে। আজ তাকে আদালতে তোলা হবে। ২ জুলাই চট্টগ্রাম সরকারি টিচার্স ট্রেনিং কলেজের বিএড ও এমএড কোর্সের চূড়ান্ত পরীক্ষা চলছিল সরকারি সিটি কলেজ কেন্দ্রে।

এমএড কোর্সের শিক্ষার্থী হিসেবে প্রশাসনিক ভবনের ৫০২ নম্বর কক্ষে পরীক্ষায় অংশ নেন অভিযুক্ত পরীক্ষার্থী মোহাম্মদ নাজিম উদ্দিন। কক্ষে দায়িত্ব পালন করছিলেন সিটি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক মো. ইকবাল হোসেন ও একই বিভাগের অতিথি শিক্ষক আরিফ মাহমুদ।

তারা নাজিমের উত্তরপত্রের ভেতর থেকে বইয়ের পৃষ্ঠা উদ্ধার করেন। এ সময় নাজিম অশ্রাব্য ভাষায় গালিগালাজ শুরু করেন। দুই শিক্ষক তার উত্তরপত্র নিয়ে নেন। একপর্যায়ে নাজিম উত্তরপত্র কেড়ে নিয়ে সেটি ছিঁড়ে ফেলেন এবং হল থেকে বেরিয়ে যান।

ঘটনার পরপরই সহকারী অধ্যাপক ইকবাল হোসেন বাদী হয়ে নাজিমের বিরুদ্ধে নগরের সদরঘাট থানায় মামলা করেন। অভিযুক্ত পরীক্ষার্থী মোহাম্মদ নাজিম উদ্দিন চট্টগ্রাম সিটি কর্পোরেশন পরিচালিত অপর্ণাচরণ উচ্চ বালিকা বিদ্যালয়ের অস্থায়ী শিক্ষক।

0Shares

আরো সংবাদ