মিয়ানমারে ফাঁসিতে ঝুলিয়ে ৪ জনের মৃত্যুদণ্ড কার্যকর


২৫ জুলাই, ২০২২ ১:৪৮ : অপরাহ্ণ

মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসির সাবেক এক এমপিসহ ৪ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। দেশটির সামরিক জান্তা সরকার এ মৃত্যুদণ্ড কার্যকর করে। নৃশংস ও অমানবিক সন্ত্রাসী কর্মকাণ্ডে’ নেতৃত্ব দেওয়ার অভিযোগে তাদের ফাঁসি দেওয়া হয়েছে।

সোমবার (২৫ জুলাই) এ রায় কার্যকর করা হয়। মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার মধ্যে সাবেক এমপি ফিও জেয়া থাও আছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

৪ জনের মৃত্যুদণ্ড কার্যকরের মধ্য দিয়ে কয়েক দশক পর মিয়ানমারে এই প্রক্রিয়া আবার ফিরে এলো। তাদের মধ্যে একজন বিশিষ্ট গণতন্ত্র কর্মীও রয়েছেন। দেশটির কোথায় মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে তা জানা যায় নি। মিয়ানমারের ক্ষমতাসীন সামরিক সরকারের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি।

দেশটির সামরিক জান্তা গত বছর দেশবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে মিয়ানমারের শীর্ষ নেতাসহ অনেক বিক্ষোভকারীকে গ্রেফতার করে। গত নভেম্বরে ফিও জেয়া থাও গ্রেফতার হন। চলতি বছরের জানুয়ারিতে সন্ত্রাসবিরোধী আইনে তাকে এবং গণতন্ত্রীকর্মী কাউ মিন উকেও মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়।

বাকি দুজনকে এক নারীকে হত্যা মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়। গত বছরে ১ ফেব্রুয়ারি দেশটির সেনাবাহিনী অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করে। তখন দেশটির নেত্রী অং সান সু চি, প্রেসিডেন্ট উইন মিন্টসহ নেতা কর্মী গ্রেফতার হন। দেশ বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে। সেনাবাহিনী বহু বিক্ষোভকারীকে গ্রেফতার করে।

এসএস

0Shares

আরো সংবাদ